বিএনপির ঢাকা মহানগরের নবগঠিত কমিটিতে টানাপোড়েন চলছে। হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করা নিয়ে এ টানাপোড়েন নিরসনে চলতি সপ্তাহে নতুন কমিটির সঙ্গে খালেদা জিয়া বৈঠক করবেন বলে তাঁর গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে।
গত ১৯ জুলাই মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খানকে সদস্যসচিব করে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে দুই মাসের মধ্যে সব ওয়ার্ড, থানা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, সদস্যসচিব পদে পছন্দের ব্যক্তিকে না পেয়ে শুরু থেকেই অসন্তুষ্ট এর আহ্বায়ক মির্জা আব্বাস। এ নিয়ে চাপা বিরোধ এখন কিছুটা প্রকাশ্যে চলে এসেছে। বিষয়টি দলের চেয়ারপারসন পর্যন্ত পৌঁছেছে। মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সদস্য বরকত উল্লাসহ আরও কয়েকজন নেতা গত শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় মির্জা আব্বাসের সমর্থক কেউ কেউ খালেদা জিয়াকে বলেছেন, কমিটিতে হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করায় অনেকে মনঃক্ষুণ্ন²হয়েছেন। কারণ সোহেল বয়সে অনেক ছোট। খালেদা জিয়া কোনো ধরনের বিরোধে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
অবশ্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর ম্যাডাম (খালেদা জিয়া) প্রথম অফিসে এসেছেন। সবাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অনেকে অনেক কথা বলতে পারে, তা আমি জানি না। আমি আমার মতো করে দেখা করেছি।’ নতুন কমিটির কার্যক্রম সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে। এখন কার্যক্রম জোরদার করা হবে।
একই রাতে খালেদা জিয়ার সঙ্গে আলাদাভাবে দেখা করেন সদস্যসচিব হাবিব-উন-নবীও। তিনি প্রথম আলোকে বলেন, চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শিগগির মহানগর কমিটির সঙ্গে দলের চেয়ারপারসনের বৈঠক হবে বলে জানান তিনি।
দলীয় একাধিক সূত্র জানায়, মির্জা আব্বাসের সমর্থকেরা চেয়েছিলেন নতুন এ কমিটিতে সদস্যসচিবের পদ না রেখে তাঁদের পছন্দের কাউকে যেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কিন্তু তা হয়নি। এরপর নতুন কমিটি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে প্রথম ফুল দিতে গেলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। ফুল দেওয়ার সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একপাশে মির্জা আব্বাস, আরেক পাশে গয়েশ্বর চন্দ্র রায় ছিলেন। গয়েশ্বরকে ঠেলে হাবিব-উন-নবী দাঁড়াতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এরপর মহানগর বিএনপির কার্যালয়ে সদস্যসচিবের জন্য নির্ধারিত কক্ষে নয়াপল্টন থানা বিএনপির নামে নামফলক ঝুলিয়ে তালা দেওয়া হয়। এক দিন পরেই ওই কক্ষে আরেকটি তালা লাগিয়ে দেন হাবিব-উন-নবীর অনুসারীরা। এ নিয়ে ঈদের আগে আব্বাস ও সোহেলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।