বিএনপির নাম ভাঙিয়ে প্রচারণা ক্ষুব্ধ স্থানীয় নেতা-কর্মীরা
রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নের রফিকুল ইসলাম নামের এক প্রবাসীর বিরুদ্ধে বিএনপির দলীয় পরিচয়ে ফেস্টুন ও ব্যানার টাঙানোর অভিযোগ পাওয়া গেছে। দলের কোনো পদে না থেকে বা সদস্য না হয়েও তাঁর নেতা পরিচয়ে ব্যানার টানানো নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ইউনিয়ন বিএনপির ৩০ জন নেতা-কর্মী জানান, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গত ৩১ ডিসেম্বর রাত থেকে মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এক প্রবাসী রঙিন ব্যানার ও ফেস্টুন টাঙান। সকালে সেগুলো দেখে স্থানীয় বাসিন্দা ও বিএনপির লোকজন বিস্মিত হয়েছেন। তাঁদের অভিযোগ রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি আদৌ বিএনপির কেউ নন।
তিন দিন ধরে মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি, বৈলসিংহ, সাঁকোয়া, তক্তপাড়া এলাকায় গিয়ে ওই সব রঙিন ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। ব্যানারে ব্যক্তিটি নিজেকে বিএনপির মাড়িয়া ইউনিয়ন শাখার নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। ব্যানার-ফেস্টুনে তাঁর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা উল্লেখ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, রফিকুল ইসলাম বিএনপির কেউ নন। ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির সদস্যের তালিকাতেও তাঁর নাম নেই। তিনি দলের সমর্থকও নন।
তবে বিএনপির উপজেলা শাখার সভাপতি মকলেছুর রহমান বলেন, গত অক্টোবর-নভেম্বরে যে সদস্য সংগ্রহ শুরু হয়েছে তাতে রফিকুলকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসব বিষয়ে কথা বলার জন্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের দলীয় কোনো পরিচয় জানাতে পারেননি। তবে তিনি দাবি করেন, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরাই দলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। ওয়ার্ড কমিটির নেতারা তাঁর দলীয় পরিচয় বলতে পারবেন বলে জানান তিনি।