বিএনপির নামে গণমিছিল, আসলে ঝটিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধে গণমিছিলের কর্মসূচি দিয়ে এভাবে ঝটিকা মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: বিজ্ঞপ্তি
হরতাল-অবরোধে গণমিছিলের কর্মসূচি দিয়ে এভাবে ঝটিকা মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বললেই চলে। বিক্ষোভ বা গণমিছিলের কর্মসূচিতেও সাড়া মিলছে না। ‘গণমিছিল’ ঘোষণা করা হলেও নেতা-কর্মীরাই মাঠে নামছেন না। যেটুকু আছে তা ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ।
গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জোট। এর সঙ্গে দেওয়া হচ্ছে বিভিন্ন মেয়াদের হরতাল। হরতাল-অবরোধের মধ্যেই গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সপ্তাহে দু-এক দিন বিক্ষোভ বা গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আসছে বিএনপির নেতৃত্বাধীন জোট। ১৪ ফেব্রুয়ারি দেশের সব জেলা-উপজেলা এবং মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল ২০ দল। কিন্তু দেশের কোথাও নেতা-কর্মীদের জানান দিয়ে মিছিল করতে দেখা যায়নি। বিভিন্নস্থানে ঝটিকা মিছিল হয়েছে। এরপর থেকে প্রায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ বা গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। কিন্তু হচ্ছে দুয়েক মিনিটের ঝটিকা মিছিল। তাতেও অংশ নিচ্ছেন হাতে গোনা কয়েকজন নেতা-কর্মী।
আজ সোমবারও বিএনপি দেশের সব উপজেলা-জেলা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল কর্মসূচি ছিল। কিন্তু রাজধানীতে বড় ধরনের কোনো গণমিছিলের খবর পাওয়া যায়নি। ঢাকা মহানগরীতে বিএনপির ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়নি। মহানগরের পক্ষ থেকেও মিছিল কর্মসূচি কোথায় কোথায় করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান আজ এক বিবৃতিতে ঢাকা মহানগরের সকল স্তরের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। তাঁরা দাবি করেন, ২০ দলের জনসম্পৃক্ত আন্দোলনের ফলে সারা দেশ অচল হয়ে পড়েছে। রাজধানী বিচ্ছিন্ন। তারপরও সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে বন্ধুর পথে হাঁটছে।
অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। সংগঠনটি তাদের বিজ্ঞপ্তির সঙ্গে নয়টি মিছিলের ছবিও দিয়েছে। তাতে দেখা যায়, এসব মিছিলে সর্বনিম্ন নয়জন থেকে সর্বোচ্চ ২৩-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির সূত্র জানায়, যে চিন্তা থেকে হরতাল-অবরোধের পাশাপাশি মিছিল কর্মসূচির কৌশল নিয়েছিল বিএনপি তা সফল হচ্ছে না। টানা হরতাল-অবরোধ প্রত্যাশিতভাবে পালিত হচ্ছে না। মহানগরগুলোতে হরতাল-অবরোধ প্রায় অকার্যকর হয়ে পড়েছে। নেতা-কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। বিভিন্ন নাশকতার ঘটনা উল্টো বিএনপিকে সমালোচনার মুখে ফেলেছে। এ অবস্থায় সমালোচনা থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নেতা-কর্মীদের মাঠে নামানোর কৌশল হিসেবে এই কর্মসূচি দেওয়া হচ্ছে। তাদের ধারনা এতে ক্রমে নেতা-কর্মীরা মাঠে নামবে। সরকার চাপে পড়বে। বিএনপির চেয়ারপারসনের ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জানাযায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিও বিএনপিকে উৎসাহিত করেছিল।

হরতাল-অবরোধে গণমিছিলের কর্মসূচি দিয়ে এভাবে ঝটিকা মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: বিজ্ঞপ্তি
হরতাল-অবরোধে গণমিছিলের কর্মসূচি দিয়ে এভাবে ঝটিকা মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: বিজ্ঞপ্তি


কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো মিছিল করতে পারেনি বিএনপির নেতৃত্বাধীন জোট। বিশেষত রাজধানীতে এ কর্মসূচি পালিত হচ্ছে না বললেই চলে। অলিগলিতে দু-এক মিনিটের ঝটিকা মিছিলে সীমাবদ্ধ থাকছে বিক্ষোভ বা গণমিছিল। ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় অল্প কয়েকজন মিলে হুটহাট মিছিল করছেন।
গত ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল বিএনপি-জোটের। ওই দিন ছাত্রদলের পক্ষ থেকে তাদের কর্মসূচি পালনের ১২টি ছবি গণমাধ্যমে পাঠানো হয়। তাতে দেখা যায়, রাজধানীর যে মিছিলে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী ছিল তার সংখ্যা ছিল ২১। অন্যগুলোতে আট থেকে ১৮ জন পর্যন্ত।
গত ৫ মার্চ ছিল বিএনপি-জোটের গণমিছিল। ওই দিনও ছাত্রদলের পাঠানো ছবিগুলোতে দেখা যায় ‘গণ মিছিলে’ অংশগ্রহণকারীর সংখ্যা ২০-২২ জনের বেশি ছিল না।
বিএনপির সূত্রগুলো অবশ্য বলছে, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীদের একটি বড় অংশ থাকছেন আত্মগোপনে। সবার সঙ্গে সবার যোগাযোগও নেই। এর ওপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অবস্থানও কঠোর। ছাত্রদলের বেশ কয়েকজন ইতিমধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এতে আতঙ্ক আরও বেড়েছে। এ অবস্থায় নেতা-কর্মীদের মাঠে নামানো কঠিন হয়ে পড়ছে। টানা দু মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে, এতে অনেকে হতাশ।
এর আগে ২০১৩ সালের আন্দোলনেও রাজধানীতে মাঠে ছিলেন না বিএনপির নেতা-কর্মীরা। সেসময় আন্দোলনের ব্যর্থতার জন্য ঢাকাকে দায়ী করা হয়। পরবর্তীতে সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন ঢাকা মহানগর বিএনপির কমিটি বাতিল করে মির্জা আব্বাসের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু নতুন কমিটির নেতৃত্বেও বিএনপির নেতা-কর্মীদের মাঠে দেখা যাচ্ছে না।