বিএনপির নির্বাচন থেকে সরার প্রশ্নই আসে না: এমাজউদ্দিন
সাবেক উপাচার্য ও শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যদি নির্বাচনের পরিবেশ বজায় না রাখে এবং নির্বাচন সুষ্ঠুভাবে না করে, তা হলে জনগণ তাঁদের ধিক্কার জানাবে।
আজ মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপির নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই আসে না।
এর আগে রাত আটটার দিকে এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে শত নাগরিকের একটি প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে যায়। তাঁরা প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। এমাজউদ্দীন আহমদ জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে।
একজন নির্বাচন কমিশনার বলেছেন, প্রার্থীদের গ্রেপ্তারে কমিশনের অনুমতি লাগবে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এমাজউদ্দীন আহমদ বলেন, কমিশনের অনুমতি না লাগলে বিএনপি আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আ ফ ম ইউসুফ হায়দার, মাহবুব উল্লাহ, সুকোমল বড়ুয়া, সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রকৌশলী আ ন হ আখতার হোসাইন, আইনজীবী ফাহিমা নাসরিন প্রমুখ।