ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন বিএনপির প্রার্থীরা বর্জন করেছেন। ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মালেক বিজয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মো. আনোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ১২৯ ভোট। গতকাল রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ ওই ফল ঘোষণা করেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নুরুল আফছার ও নাঙ্গলকোট পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিম প্রমুখ।
নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর, খান্নাপাড়াসহ ১১টি ভোটকেন্দ্রেই গতকাল রোববার দিনভর অরাজক পরিস্থিতি দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রেই বিপুলসংখ্যক বহিরাগতদের উপস্থিতি ছিল। কোনো কেন্দ্রেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ব্যাজধারী ব্যক্তি ছাড়া আর কাউকে দেখা যায়নি। ভোটারদের তেমন কোনো সারিও দেখা যায়নি। কোথাও কোথাও প্রিসাইডিং কর্মকর্তাদের সামনে সরকারদলীয় নেতা-কর্মীদের খোসগল্প করতেও দেখা গেছে।
নাঙ্গলকোট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩ নম্বর বুথে মেয়র প্রার্থীর ব্যালট পেপারের ৮৭ নম্বর বইয়ে নৌকা প্রতীকে ১২টি পাতায় সিল মারা ছিল। গতকাল সকাল নয়টার দিকে এক ভোটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম রসুল ওই ব্যালটগুলো বাতিল করেন।
বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই আমার এজেন্টদের বের করে দেওয়া হয়।’
বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের পথে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে। নজিরবিহীন অনিয়মের মধ্য দিয়ে বহিরাগতদের নিয়ে ভোট কাটার মহোৎসব হয়েছে।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী কাজী মো. জামাল উদ্দীনের সঙ্গে কেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা হয়। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ দেখতেই পাচ্ছেন। কী মন্তব্য করব?’
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবদুল মালেক বলেন, ‘আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী রয়েছে। দলের সবাই এককাট্টা হয়ে নির্বাচন করেছেন। যে কারণে প্রতিটি কেন্দ্রেই আমাদের কর্মীদের সরব উপস্থিতি ছিল। বিএনপি কোন্দলে আবদ্ধ থাকার কারণে তাঁদের কর্মীরা হয়তো ভোটকেন্দ্রে আসেননি। আমরা কাউকে বাধা দিইনি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হওয়ায় কোথাও কোনো হাঙ্গামা হয়নি।’
রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, দাউদপুর কেন্দ্রে অনিয়মের মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর সেখানে র্যাব বহিরাগতদের তাড়িয়ে দিয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়া নির্বাচন শেষ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে কোথাও ছিল ভোটের আমেজ আবার কোথাও ছিল আতঙ্ক। তবে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা নির্বাচন বর্জন করেন। এ সময় তিনি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।
শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়ে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী হাফিজুর রহমান মোল্লা। তিনি অভিযোগ করে বলেন, পৌরসভার ৪৮টি কেন্দ্রের ৪৩টিতেই প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের ক্যাডাররা নৌকা প্রতীকের লাল ফিতা বেঁধে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্যে সিল মেরেছে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দিলেও প্রিসাইডিং কর্মকর্তারা গ্রহণ করেননি। পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে তারা নিরুপায় বলে জানিয়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, সকালে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে সরেজমিনে ঘুরে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শিমারাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোফায়েল আজম কিন্ডারগার্টেন, মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা, ভাদুঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মিথ্যা কথা বলা বিএনপির পুরোনো অভ্যাস। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশিরুল হক ভূঞা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।