বিএনপির নেতা আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মজুমদার। আগামী ২৮ মে এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে।
মো. শাহজাহান মজুমদার দাবি করছেন, উপজেলা বিএনপির সর্বশেষ কমিটিতে তাঁর নাম থাকলেও তিনি এখন আর ওই দলের রাজনীতির সঙ্গে জড়িত নন। ২০১৫ সালের ২৯ মে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের অন্তত পাঁচজন নেতা-কর্মী বলেন, ১০ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তৃণমূলের সমর্থন পান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। কিন্তু তৃণমূলের মতামতকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয় মো. শাহজাহান মজুমদারকে। প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ডে অভিযোগ করেন মো. সাইফুল ইসলাম।