বিএনপির নেতা আসলাম চৌধুরী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আটক হলেন বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরী। গতকাল রোববার রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন বলে কয়েক দিন ধরে অভিযোগ করে আসছিলেন সরকারি দলের নেতারা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গাড়িসহ আটক করা হয়। তাঁর সঙ্গে ব্যক্তিগত কর্মী মো. আসাদ ও গাড়িচালক আল আমিনকেও মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছিল, সম্প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে নয়াদিল্লিতে একাধিক বৈঠক করেন আসলাম চৌধুরী। ষড়যন্ত্র করে বাংলাদেশের সরকার উৎখাতই ছিল এসব বৈঠকের উদ্দেশ্য। গলায় ফুলের মালা পরা অবস্থায় সাফাদি ও আসলাম চৌধুরীর একত্রে ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এ ছাড়া একটি রেস্তোরাঁর এক টেবিলে এই দুজনের বসে কথা বলার ছবিও প্রকাশিত হয়েছে। ছবিগুলোর উৎস মেন্দি এন সাফাদির ব্যক্তিগত ফেইসবুক পাতা ‘মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস’। ওই পাতায় মেন্দি নিজেই ছবিগুলো প্রকাশ করেন।
গণমাধ্যমে এসব বৈঠকের ছবি ও খবর প্রকাশিত হওয়ার পর সরকারের কয়েকজন মন্ত্রী ও সরকারি দলের নেতারা এটাকে মোসাদের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে আখ্যা দেন।
গত শুক্রবার আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা বিভিন্ন পর্যটন এলাকায় একসঙ্গে ঘুরেছেন, খাওয়াদাওয়া করেছেন, কিন্তু কোনো বৈঠক করেননি। এ ছাড়া গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের প্রশ্নই উঠতে পারে না।
এ রকম বিতর্কের মধ্যেই গতকাল সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলনে বলেন, আসলাম চৌধুরীকে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে। এরপর গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কহীন একটি দেশের (ইসরায়েলের) রাজনীতিকের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। আর কারা এ বিষয়ে জড়িত, তাঁদের খুঁজে বের করতে কাজ করছেন গোয়েন্দা সদস্যরা।
সন্ধ্যায় আসলাম চৌধুরীকে আটকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা আছে। তিনি কেবল দেশে নাশকতা করে ক্ষান্ত হননি, বিদেশেও গিয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরী ও তাঁর সঙ্গের দুই ব্যক্তিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, জানতে চাইলে উপকমিশনার বলেন, তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে নাশকতার অনেকগুলো মামলা রয়েছে। সেগুলো খোঁজা হচ্ছে। এ ছাড়া ঢাকায় তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কর্মকর্তারা কথা বলে সিদ্ধান্ত নেবেন।
এদিকে আসলাম চৌধুরীর একান্ত সহকারী নুরুল ইসলামের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আসলাম চৌধুরীকে কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের মাথা থেকে আটক করা হয়।