বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম l ছবি: প্রথম আলো
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম l ছবি: প্রথম আলো

নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানববন্ধন করে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী।
মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রায় আড়াই বছর হলেও সরকার এখনো তাঁর খোঁজ দিতে পারেনি। তিনি বলেন, বিএনপির এ প্রতিবাদ শুধু ইলিয়াস আলীর মুক্তির জন্য নয়, সারা দেশের মানুষের মুক্তির আন্দোলন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস। তিনি বলেন, ‘আমরা এখনো বাবার পথ চেয়ে আছি, আমরা আশাবাদী যে তিনি ফিরে আসবেন।’
বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিলেট বিভাগীয় নেতা-কর্মীরা ছাড়াও মানববন্ধনে দলের সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন নবী খান অংশ নেন।
গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়। তবে তাঁরা মানববন্ধনে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে আয়োজক সংগঠনের সমন্বয়ক সায়মন কামালী জানান, একই স্থানে আরেকটি সংগঠনের মানববন্ধন থাকায় তাঁদের দ্রুত কর্মসূচি শেষ করতে হয়েছে। এ জন্য তাঁরা উপস্থিত হতে পারেননি। পরে যোগাযোগ করা হলে শাহদীন মালিক ও মাহমুদুর রহমান মান্না তাঁদের উপস্থিত থাকার কথা ছিল বলে জানান। তবে আসিফ নজরুল বলেন, তাঁর এ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল না।
একই স্থানে স্বেচ্ছাসেবক লীগের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল বেলা ১১টায়। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরামের মানববন্ধন চলার সময় প্রেসক্লাবের মূল ফটকের সামনে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের একজন উপপরিদর্শক জাতীয়তাবাদী ফোরামকে দ্রুত অনুষ্ঠান শেষ করার অনুরোধও জানান। এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শেষ করেন আয়োজকেরা।