পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুয়াকাটা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কলাপাড়া উপজেলা বিএনপি এ হামলার জন্য কুয়াকাটা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লাকে দায়ী করেছে।
হামলায় কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ মুসুল্লী (৭৫) গুরুতর জখম হন। তাঁকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান (৪৬), উপজেলা যুবদলের সদস্য শামিম তালুকদার (৩২), কুয়াকাটা পৌর যুবদলের সদস্য রিয়াজ মীর (৩৫), লতাচাপলী ইউনিয়ন যুবদলের সদস্য মো. মিলন হাওলাদার (৩২), উপজেলা ছাত্রদলের সদস্য তাওহীদুল ইসলাম (২২), মো. মনিরুল ইসলামসহ (২৮) আরও ১০-১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত এসব নেতা-কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন বলেন, ঈদের ছুটির কারণে এবং শুক্রবার বন্ধের দিন থাকায় কুয়াকাটায় প্রচুর পর্যটক সমাগম হয়। হঠাৎ রাজনৈতিক সহিংসতার কারণে পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়াদৌড়ি শুরু করেন। মুহূর্তের মধ্যে সৈকত ফাঁকা হয়ে যায়।
বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি শুক্রবার শেষ বিকেলে কুয়াকাটায় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সৈকত-সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বের হলে অসংখ্য নেতা-কর্মী সড়কের ওপর জড়ো হন। আমি উপস্থিত সবাইকে নিয়ে সৈকতের দিকে রওনা হই। এ সময় নিকটবর্তী আওয়ামী লীগ অফিস থেকে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হঠাৎ বের হয়ে অতর্কিতে আমার বহরের ওপর হামলা চালায়।’ তিনি আরও বলেন, ‘কুয়াকাটার মেয়র বারেক মোল্লার ইন্ধনে ২৫-৩০ জন উচ্ছৃঙ্খল কর্মী এ হামলায় নেতৃত্ব দিয়েছে। ওদের হাতে থাকা লাঠিসোঁটার আঘাতে আমাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।’
কুয়াকাটা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা বলেন, ‘কুয়াকাটা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা যাইতেছিল। এ সময় শ্রমিক লীগ নেতা আব্বাস কাজীকে বিএনপির এক কর্মী ঘুষি দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার সঙ্গে আমি মোটেই জড়িত নই। রাজনৈতিক কারণে আমাকে দোষারোপ করা হচ্ছে।’
মহিপুর থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত এ ঘটনায় মহিপুর থানায় কেউ অভিযোগ দেয়নি।’