বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রফিকুল ইসলাম মিয়া তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় করা ১৫টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন। শুনানি শেষে পাঁচটি মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি ১০টি মামলায় জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী মাসুদ তালুকদার পরে প্রথম আলোকে বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, মিরপুর ও পল্লবী থানার ১৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন রফিকুল ইসলাম মিয়া। আদালত ১০টিতে জামিনের আবেদন নাকচ করেছেন আর পাঁচটিতে জামিন দিয়েছেন।