ফেনীর দাগনভূঞা উপজেলার সব ইউনিয়নের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার প্রতিবাদ করেছেন দলের কয়েকজন নেতা।
গত শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বলা হয়, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুক্রবার উপজেলা বিএনপির কোনো সভাই হয়নি। সভাপতি কথিত সভার কথা বলে সব ইউনিয়ন কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন। কিন্তু ইউনিয়ন কমিটির নেতারাসহ অন্য নেতা-কর্মীরা সেটা মেনে নেবেন না।
গতকাল সোমবার নিজেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবি করে মো. শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, এভাবে কমিটি বিলুপ্ত করার এখতিয়ার কারও নেই। তিনি বলেন, ২০০৯ সালের ১৪ নভেম্বর আকবর হোসেনকে সভাপতি ও তাঁকে সাধারণ সম্পাদক করে দাগনভূঞা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সে কমিটি এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে আকবর হোসেন-সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ছুট্টু বলেন, শুক্রবার সভা হয়েছে এবং সেই সভায় মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রায় এক বছর আগে উপজেলা কমিটি পুনর্গঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দল না চললে সেখানে স্বেচ্ছাচারিতা দেখা দেয়। তিনি এভাবে কমিটি বিলুপ্ত করাকে সমর্থন করেন না।