বিএনপির নেতাদের স্থানীয় রাজনীতিতে বেশি আগ্রহ?
বারবার তাগিদ দিলেও ‘এক নেতার এক পদ’ নীতি এখনো কার্যকর করতে পারেনি বিএনপি। একসঙ্গে একাধিক পদে থাকা নেতাদের বেশির ভাগ এখনো একাধিক পদ আঁকড়ে আছেন।
বিএনপির নেতারা বলছেন, মূলত স্থানীয় রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে নেতাদের অনেকে কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েও স্থানীয় কমিটির পদ ছাড়ছেন না। আবার কেন্দ্রীয় কমিটিতেও থাকতে চাইছেন। ইতিমধ্যে যাঁরা পদ ছেড়েছেন, তাঁদের বেশির ভাগ কেন্দ্রীয় পদ ছেড়ে জেলা-উপজেলা কমিটির পদ ধরে রেখেছেন।
বিএনপির সূত্র জানায়, নতুন কমিটিতে ৬১ জন নেতা ছিলেন একসঙ্গে একাধিক পদধারী। তাঁরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদের বাইরে জেলা-উপজেলা কমিটি বা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনেরও পদধারী নেতা। এর মধ্যে গত রোববার পর্যন্ত ২৫ জন একটি পদ রেখে অন্য পদ ছেড়ে দিয়েছেন। এই ২৫ জনের মধ্যে ১৪ জন নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদ ছেড়ে দেওয়ার কথা লিখিতভাবে দলকে জানিয়েছেন। বাকি ১১ জন কেন্দ্রীয় কমিটির পদ রেখে অন্য পদ ছেড়েছেন। ৩৬ জন কোন পদে থাকতে চান, তা এখনো জানাননি। তাঁদের বেশির ভাগই দলে ‘বড় নেতা’ হিসেবে পরিচিত।
গত ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করে এক নেতার এক পদ নীতিতে যায়। সংশোধনীতে জানানো হয়, একজন একসঙ্গে একাধিক পদে থাকতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে বিএনপির চাইলে কাউকে একাধিক পদ দিতে পারবেন।
গত এপ্রিলে মহাসচিব মনোনীত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ ছেড়ে দেন। আংশিক কমিটি ঘোষণার পর গত ৩ জুন দলের নতুন নেতাদের প্রথম বৈঠকে একাধিক পদে থাকাদের একটি পদ রেখে বাকি পদ ছাড়ার নির্দেশনা দেন মির্জা ফখরুল। গত ৬ আগস্ট কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়। বিএনপির সূত্র জানায়, এরপর একাধিক পদে থাকা নেতাদের অনানুষ্ঠানিকভাবে অতিরিক্ত পদ ছাড়ার কথা বলা হয়েছে। সর্বশেষ চিঠি দিয়ে ১৬ অক্টোবরের মধ্যে নেতাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে যে তাঁরা কোন পদটি রাখতে চান।
জানতে চাইলে বিএনপির জেলা কমিটি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, এক নেতার এক পদ নীতি কার্যকর শুরু হয়েছে। মোট ৬১ জন একই সঙ্গে দুই পদে ছিলেন। তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যে একটি পদ ছেড়ে দিয়েছেন। তাঁরা আশা করছেন, অক্টোবরের মধ্যে এটি পুরোপুরি কার্যকর হবে।
বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির নেতাদের অনেকের কাছে কেন্দ্রের চেয়ে জেলা-উপজেলার রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এর সঙ্গে স্থানীয়ভাবে মহানগর, জেলা-উপজেলার রাজনীতিতে প্রভাব ধরে রাখার বিষয় জড়িত। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ও জড়িত। মাঠপর্যায়ের পদ ছেড়ে দিলে স্থানীয় রাজনীতিতে গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে কেন্দ্রীয় কমিটিতে ভালো পদ পেয়েও স্থানীয় কমিটির পদ ছাড়তে গড়িমসি করছেন অনেকে। আবার অনেকে কেন্দ্রীয় পদ ছেড়ে স্থানীয় কমিটির পদ রাখছেন।
বিএনপির সূত্র জানায়, এখনো একাধিক পদে থাকা নেতাদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (ঢাকা মহানগরের আহ্বায়ক), রফিকুল ইসলাম মিয়া (ঢাকা মহানগরের উপদেষ্টা), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা মহানগরের সদস্য); ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (কৃষক দলের সাধারণ সম্পাদক), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী জেলার সভাপতি); যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল (ঢাকা মহানগরের সদস্যসচিব), মুজিবুর রহমান সারোয়ার (বরিশাল মহানগরের সভাপতি), খায়রুল কবীর খোকন (নরসিংদী জেলার সভাপতি), আসলাম চৌধুরী (চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক); চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু (রাজশাহী মহানগরের সভাপতি), মসিউর রহমান (ঝিনাইদহ জেলার সভাপতি); সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট জেলার সভাপতি), রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর জেলার সভাপতি), ফজলুল হক মিলন (গাজীপুর জেলার সভাপতি), নজরুল ইসলাম (খুলনা মহানগরের সভাপতি), বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা (রাজশাহী জেলার সভাপতি) প্রমুখ কেন্দ্রীয় পদের পাশাপাশি মহানগর বা জেলা কমিটির শীর্ষ পদ ধরে রেখেছেন।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, শাহজাহান ওমর, আহমদ আজম খান, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু; যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক প্রমুখ নতুন কমিটির কেন্দ্রীয় পদ রেখে জেলা কমিটি বা অঙ্গ সংগঠনের পদ ছেড়ে দিয়েছেন।