বিএনপির নেতাদের 'নেড়ি কুত্তা'র মতো পেটানোর হুমকি!
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে তাঁর ফেসবুকের পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুমকি দেন।
সিদ্দিকী নাজমুল আলম স্ট্যাটাস লেখেন, ‘তিন দিনের মধ্যে ছবি বিশ্বাসের ওপর হামলার জবাব দেব। ডাক্তার বলছিল আরও কয়টা দিন থাকতে, আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউয়ের কারণে। নেড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।’ নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘আজকের সংঘর্ষে পুলিশ যদি মাঝখানে না থাকত, টিয়ার শেল না মারত, তাহলে দেখাতাম। আমরা ছাত্রলীগের অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রস্তুত আছি। তাদের হাত ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। পুলিশ ও প্রশাসনযন্ত্র ছাড়া তাদের মাঠে আসার আহ্বান জানাচ্ছি। দেখি রাজপথ কার দখলে থাকে।’ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের স্ট্যাটাসের ভাষার সমালোচনা করে তিনি বলেন, ‘এ ধরনের ভাষার ব্যবহার তাঁদের আজীবন লালিত সংস্কৃতি।’