বিএনপির নেতারা কিছু জানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কী কারণে ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন না, তা স্পষ্ট করে বলতে পারছেন না বিএনপির নেতারাও। দলের ভেতরে-বাইরে নানা গুঞ্জনে এ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বীকার করে বলেন, বিষয়টি সম্পর্কে ‘আসলে আমরা জ্ঞাত নই’। তবে তিনি বলেন, ‘আমরা অনুমান করছি, কয়েক দিন ধরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাদের কারাগারে অসুস্থ হয়ে পড়া, দ্বিতীয়বারের মতো কারাগার থেকে একজন স্থানীয় নেতার মৃত অবস্থায় বেরিয়ে আসা, অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা—সবকিছু মিলিয়ে চেয়ারপারসন সংবেদনশীল ছিলেন। এসব অবস্থা দেখে তাঁর মানসিক অবস্থা ভালো ছিল না।’ তিনি বলেন, রোজার শুরু থেকেই চেয়ারপারসনের শরীর ভালো যাচ্ছে না। এ কারণে এবার তাঁর না যাওয়ারও চিন্তা ছিল। সে কারণে হয়তো এবার তিনি ওমরাহ পালনে যাচ্ছেন না।
খালেদা জিয়ার সৌদি আরব সফর স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিতে এবং সংসদে জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
রাজকীয় অতিথি হিসেবে প্রতি রমজানে সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরব যান খালেদা জিয়া। এ জন্য গত বুধবার তাঁর ঢাকা ছাড়ার কথা ছিল। শেষ মুহূর্তে যাত্রা স্থগিত করায় নানা গুঞ্জন শুরু হয়। সৌদি সরকারের সঙ্গে বিএনপির উষ্ণ সম্পর্কে টান পড়েছে কি না, সে আলোচনাও হচ্ছে।
অবশ্য দলের একটি সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলামের জামিন নিয়ে হয়রানির নেপথ্যে সরকারের কূট তৎপরতা আছে, এ তথ্য পেয়ে খালেদা জিয়া শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন। অপর দুটি সূত্র খালেদা জিয়ার পরিবারের সব সদস্যের ভিসা নিয়ে জটিলতা এবং লন্ডন থেকে তারেক রহমানের ভিসা পেতে বিলম্ব হওয়ায় যাত্রা স্থগিত করা হয় বলে জানায়।
অবশ্য আসাদুজ্জামান অভিযোগ করেন, খালেদা জিয়ার ওমরাহ পালনে না যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছে। কোনো কোনো গণমাধ্যম লিখেছে, তারেক রহমান সৌদি আরবের ভিসা না পাওয়ায় খালেদা জিয়া যাচ্ছেন না, এটি ঠিক নয়। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়।
বিএনপির এই নেতা বলেন, সৌদি সরকার প্রতিবছরের মতো এবারও যথাযথ সম্মানের সঙ্গে বিএনপির চেয়ারপারসনকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছে। তাঁর আমন্ত্রণ এখনো ‘ভেরি মাচ ভ্যালিড’ রয়েছে। যেকোনো সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ওমরাহ পালনে যাবেন।
গতকাল বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানান, সৌদি আরবের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। খালেদা জিয়ার পরিবারের আটজন সদস্যের ভিসা হয়েছে।
প্রসঙ্গ জিয়া ও তারেক: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টিউলিপের জয় ঠেকাতে তারেক রহমান হামলা চালাতে লোক পাঠিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী সংসদে যে অভিযোগ করেছেন, তাকে একবারেই হাস্যাস্পদ বলেছেন আসাদুজ্জামান রিপন। তাঁর মতে, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন কিংবা সেখানকার কোনো প্রার্থী সম্পর্কে কোনো প্রকার মনোযোগ তারেক রহমানের ছিল না, এ নিয়ে তাঁর কোনো আগ্রহও নেই। তারেক রহমান সব সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী।
সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আসাদুজ্জামান বলেন, জিয়াউর রহমান কখনোই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। বরং তিনি যাতে দেশে আসতে পারেন, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন, তাঁর সব নাগরিক অধিকার ভোগ করতে পারেন, সে জন্য জিয়াউর রহমান সব সময় আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন।