বিএনপির নেতারা 'উধাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের এখন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। এমনকি তাঁরা নিজ বাড়িঘরেও থাকছেন না। কয়েকটি কর্মসূচিতে অবশ্য নগর বিএনপির শীর্ষ নেতাদের দেখা গেছে। অন্যদিকে রাজপথে সরব আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গত ৫ জানুয়ারি বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহম্মদ সড়কে ২০-দলীয় জোটের সভা চলাকালে পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে পুলিশ ৩০১ জনকে গ্রেপ্তার করে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। মামলার পর আত্মগোপন করেন নেতা-কর্মীরা। এমনকি তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, ৫ জানুয়ারির ঘটনায় দায়ের করা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেনসহ নগরের অনেক নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। কিন্তু নগরের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় শাহাদাৎ হোসেনসহ নগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ৫ জানুয়ারির পর আমীর খসরুকে আর কোনো মামলায় আসামি করা হয়নি।
গত ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নাসিমন ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে শাহাদাৎ হোসেনসহ কিছু নেতা-কর্মী নাসিমন ভবন থেকে দ্রুত সরে যান। এরপর গত মঙ্গলবার বাদ জোহর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জানাজার পর আমীর খসরু আবার সরে যান।
হরতাল-অবরোধে সমর্থকদের রাস্তায় তেমন দেখা না গেলেও শাহাদাৎ হোসেন পুলিশের চোখ এড়িয়ে নগরের বায়েজীদ ও বাকলিয়া এলাকায় কিছুসংখ্যক নেতা-কর্মী নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০১৩ সালের আন্দোলনের সময় বিএনপির বেশির ভাগ নেতা নিজ বাড়িঘরে ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, চট্টগ্রামে বিএনপি যেকোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকতে পারে। বিএনপি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছে এবং কোকোর গায়েবানা জানাজা করেছে। রাজনৈতিক কর্মসূচিতে কেউ বাধা দেবে না।
বিএনপির মাঝারি সারির কয়েকজন নেতা বলেন, প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নেই। সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে কারাগার থেকে মুক্তির সম্ভাবনা কম। তাই সবাই গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন। তাঁরা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর চট্টগ্রামের নেতা-কর্মীদের ওপর এমন দুর্যোগ আর কখনো আসেনি। তাই যে যার অবস্থান থেকে চলমান কর্মসূচিকে পরিণতির দিকে নিয়ে যেতে তাঁরা বদ্ধপরিকর।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালনে বিএনপিকে বাধা দেওয়া হবে না। তবে বোমাবাজি করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকলে আমাদের সমস্যা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর যুবদলের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক চমৎকার। কিন্তু সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে খসরু ভাই ও শাহাদাৎ ভাইসহ দলীয় নেতা-কর্মীরা রাজপথে নামছেন না। বিবৃতি পাঠালেও এখন মামলার আসামি করা হচ্ছে।’
এদিকে ২০-দলীয় জোটের টানা কর্মসূচির মধ্যে রাজপথ কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আওয়ামী লীগ। হরতাল কর্মসূচির দিন আওয়ামী লীগ নগরের ২১টি মোড়ে অবস্থান নিয়ে হরতালবিরোধী সমাবেশ করে আসছে।