বিএনপির নেতৃত্বে ঘুরেফিরে বাবুল গাজী, ফলাফল শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী নুরুজ্জামান
গাজী নুরুজ্জামান

প্রায় ২৮ বছর ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন গাজী নুরুজ্জামান (বাবুল গাজী)। দুবার সদর আসনে নির্বাচনও করেন তিনি। কিন্তু ফলাফল শূন্য। নেতা-কর্মীরা বলছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর উত্থানের পর বিএনপি অবস্থান হারিয়ে ফেলে। দীর্ঘ সময় উপযুক্ত নেতৃত্ব না আসায় দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। সাঈদীর অবর্তমানেও অবস্থার পরিবর্তন হয়নি। এখনো আলোচনায় রয়ে গেছে ‘অদৃশ্য’ সাঈদী ও জামায়াত।

মাঠপর্যায়ের নেতা-কর্মীদের একটি বড় অংশের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেন। এ কারণে গত কয়েক বছরে দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জোরালো অবস্থান ছিল না বিএনপির। নেতা-কর্মীরা বলছেন, এর প্রভাব পড়েছে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে। দল ৪৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়ে মাত্র দুটিতে জয় পেয়েছে।

জানতে চাইলে সভাপতি-সাধারণ সম্পাদক দুজনেই আওয়ামী লীগের সঙ্গে আপস করার অভিযোগ অস্বীকার করেন। সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের দাবি, তিনি দলের প্রতিটি কর্মসূচিতে অংশ নেন। জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, মাসখানেক আগেও ক্ষমতাসীন দল ও পুলিশের সঙ্গে সমঝোতা করে জেলা বিএনপির একটি বিশেষ সভা পণ্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই সভায় বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই সভায় জেলা ও উপজেলার নেতাদের বড় একটি অংশ সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার প্রস্তুতি নিয়েছিল। বিষয়টি টের পেয়ে সভাপতি পুলিশ দিয়ে
নেতা-কর্মীদের লাঠিপেটা করে সভা পণ্ড করে দেন। ওই সময় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেছিলেন, জেলা বিএনপির সভাপতি পুলিশকে জানিয়েছেন, যাঁদের গলায় কার্ড থাকবে, শুধু তাঁরা সভায় অংশ নেবেন। অনেকের গলায় কার্ড না থাকায় পুলিশ তাঁদের সভাস্থল থেকে সরিয়ে দেয়।

সভাপতি নুরুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওসিকে বলেছেন গলায় কার্ডধারীরা সভায় অংশ নেবেন। কিন্তু পুলিশ সাধারণ কর্মীদের সঙ্গে কার্ডধারী নেতাদেরও পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ক্ষমতাসীনদের সঙ্গে জেলা বিএনপির নেতৃত্বের গোপন আঁতাত সম্পর্কে বলতে গিয়ে গত উপজেলা নির্বাচনে নিজের একটি ঘটনার উল্লেখ করেন জেলা বিএনপির সহসভাপতি এলিজা জামান। তিনি বলেন, ‘নির্বাচনে আমি দলের চেয়ারম্যান পদপ্রার্থী। ভোট দিতে গিয়ে শুনি, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। অথচ আমি কিছুই জানি না।’

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য আইনজীবী সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেন। তাঁদের নামে কোনো মামলা নেই। গত সাড়ে আট বছরে তাঁরা জেলে যাননি।

নেতা-কর্মীরা জানান, দলের জেলা কমিটির নেতৃত্ব বিভক্ত। জেলা সভাপতি গাজী নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। অন্য নেতাদের অনেকে ব্যস্ত থাকেন ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক কাজে। কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলোতে ২০-২৫ জনের বেশি নেতা-কর্মী উপস্থিত থাকেন না।

বর্তমানে পিরোজপুর জেলা বিএনপিতে দুটি ধারা। এক পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক। আরেক পক্ষেÿআছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানসহ আরও অনেকে। জেলার তিন সহসভাপতি নজরুল ইসলাম খান, এম ডি লিয়াকত আলী শেখ ও সাব্বির আহমেদ, প্রভাবশালী সদস্য এম সরোয়ার হোসেনও এই দলে আছেন। জেলার নেতাদের কোন্দলের রেশ ধরে উপজেলা কমিটিগুলোও দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে।

জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার তিনটিতে পিরোজপুর সদর, নেছারাবাদ ও ভান্ডারিয়ায় বিএনপির দুটি করে কমিটি আছে। মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলায়ও কোন্দল আছে। বেশির ভাগ নেতা-কর্মী মনে করেন, জেলা বিএনপির সভাপতির কারণে জেলার ইউনিট কমিটির মধ্যে বিরোধ জিইয়ে আছে। সভাপতি কোন্দল নিরসন না করে বরং টিকিয়ে রেখেছেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির এক নেতা দলে বিভক্তির জন্য গাজী নুরুজ্জামানের পাশাপাশি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহানকে দায়ী করেন। তাঁদের বিরুদ্ধে কমিটিতে পদ দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন ওই নেতা।

ভান্ডারিয়া বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে উপজেলা বিএনপির সম্মেলনে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। কিন্তু জেলা সভাপতি আমাকে বাদ দিয়ে আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে পকেট কমিটি করেন।’

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সী বলেন, ‘উপজেলার সব ইউনিয়নে কমিটি করা শেষ হয়েছে। আমরা সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য জেলাকে বলেছি। কিন্তু জেলা সভাপতি এক বছর ধরে টালবাহানা করছেন।’

জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপির কমিটি হয় ২০১২ সালে। কমিটিতে গাজী নুরুজ্জামান সভাপতি ও আলমগীর হোসেন সাধারণ সম্পাদক হন। তিন বছর মেয়াদের ওই কমিটি এখনো বহাল আছে। জেলা কমিটির সম্মেলন হচ্ছে না।

গাজী নুরুজ্জামানের দাবি, জেলা বিএনপির সভা আহ্বান করার পর পাঁচবার পুলিশ বন্ধ করে দেয়। এ কারণে সভা করা যাচ্ছে না। কমিটি নিয়ে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় নেতারা জানান, বিগত আন্দোলনের সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। টাকার অভাবে অনেকে আইনি সহায়তা নিতে হিমশিম খাচ্ছেন। কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হলেও তা বেহাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আলোচনায় ‘অদৃশ্য’ জামায়াত

গত এক সপ্তাহ ঘুরে দেখা যায়, পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে কোনো কার্যক্রম নেই। দলের কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। নেতা-কর্মীরাও তেমন প্রকাশ্যে চলাফেরা করেন না। কিন্তু নির্বাচনী আলোচনায় এখনো আছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াত। সাঈদী পরপর দুবার এই আসনের সাংসদ ছিলেন।

জেলায় জামায়াত-সমর্থিত একমাত্র জনপ্রতিনিধি হিসেবে আছেন ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী। অবশ্য তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় নন।

জানতে চাইলে জেলা জামায়াতের আমির তফাজ্জল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘২০১০ সাল থেকে আমাদের কোনো কার্যক্রম নেই। বর্তমান পরিস্থিতির কারণে নেতা-কর্মীরা প্রকাশ্যে নেই।’

স্থানীয় সূত্রগুলো বলছে, আগামী নির্বাচনে পিরোজপুর সদর আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে দুজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার। আরেকজন দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদীর নাম।