বিএনপির নেত্রীকে ভুলের খেসারত দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেত্রী (খালেদা জিয়া) ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছেন, তাঁকে সে ভুলের খেসারত দিতে হবে।
সোমবার গণভবনে ঈদের শুভেচ্ছা শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখন বিরোধীদলীয় নেতা না, শুধু বিএনপির নেতা। ফোন দিলে বলেন, কথা বলবেন না। এখন বলছেন আলোচনা করতে হবে। দাওয়াত দিলে বলেন, আসবেন না। এখন বলছেন, কথা বলতে হবে। তিনি কখন যে কী বলেন, তার কোনো ঠিক নেই। তিনি মানসিক অশান্তিতে ভুগছেন। তাঁদের কারণে যেন দেশবাসীর কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
এর আগে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। সকাল সাড়ে নয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা এবং আমন্ত্রিত অতিথি, বিচারপতি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের ঈদ সুষ্ঠুভাবে পালিত হয়েছে। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। ভালোভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ঈদের পর বিরোধী দলের আন্দোলনের নামে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার।’