বিএনপির নয়টি কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বিএনপির উপজেলা ও পৌর শাখার নয়টি কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলাগুলোর অনেক নেতা-কর্মীর অভিযোগ, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থের বিনিময়ে গঠনতন্ত্র উপেক্ষা করে এসব উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি উপজেলা (সদর বাদে) ও চারটি পৌর কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়। চিঠিতে গত ২৯ আগস্ট জেলা বিএনপির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
কমিটির নেতাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন এবং ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তালতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘আমি সরকারবিরোধী আন্দোলন করে জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। কিন্তু যাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ­করেছেন এবং রাজপথে ছিলেন না, এমন নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। লাখ লাখ টাকা নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এটা করেছেন।’
বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার বলেন, আমতলী উপজেলা ও পৌর কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন না। এমনকি যাকে উপজেলা আহ্বায়ক করা হয়েছে, তিনি ঢাকায় থাকেন। এলাকায় কখনোই রাজনীতি করেননি। বিষয়টি লিখিতভাবে শীর্ষস্থানীয় নেতাদের জানানো হয়েছে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির কয়েকজন তরুণ নেতা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম ২০-২২ বছর ধরে জেলা বিএনপির দুই শীর্ষ পদে আছেন। তাঁরাই দলে কর্তৃত্ব ফলাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, জেলা বিএনপির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে এসব আহ্বায়ক কমিটি করা হয়েছে। একক সিদ্ধান্তে করা হয়নি। কমিটি করার বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টিকে অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা এসব কমিটি করেছি। সব কটি উপজেলা-পৌর কমিটির মেয়াদোত্তীর্ণ ছিল। আমরা যা করেছি গঠনতন্ত্র মেনেই করেছি।’