কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বাধা জাসদ। আর বিএনপির বাধা দলের সাবেক সাংসদ।
উপজেলা পৌরসভা সূত্রে জানা গেছে, এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামীমুল ইসলাম, ২০-দলীয় জোটের মহিউদ্দীন বানাত ও জাসদের আবদুল আলীম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলামের ভেড়ামারায় মেয়র পদে পছন্দের প্রার্থী ছিলেন শামীম রেজা। কিন্তু এখানে ২০-দলীয় জোটের পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি মহিউদ্দীন বানাতকে মনোনয়ন দেওয়া হয়। এতে নাখোশ হয়ে শহীদুল তাঁর অনুসারীদের নীরব থাকার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রোববার জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ভেড়ামারার বাসিন্দা আহসান হাবীব ও গত বৃহস্পতিবার প্রার্থী মহিউদ্দীন বানাত জেলা বিএনপিকে পৃথক দুটি লিখিত অভিযোগ দেন।
মহিউদ্দীন বানাত বলেন, প্রতীক পাওয়ার দিন থেকে আজ পর্যন্ত শহীদুল একবারও খোঁজ নেননি। শহীদুলসহ তাঁর সমর্থকেরা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকার পক্ষে কাজ করতে বিএনপির নেতা-কর্মীদের পরামর্শ দিচ্ছেন। বিএনপির খুলনা বিভাগের পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, শহীদুল ইসলামের কার্যক্রম অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি কেন্দ্রেও জানানো হয়েছে।
অবশ্য শহীদুল বলেন, ‘আহসান হাবিবের ডাকে বিএনপি কেন যাবে। এখানকার বিএনপির নেতা-কর্মী কারও ভোট করছে না। মহিউদ্দীন বানাত কাউকে ডাকে নাই। তাঁরা একত্র হওয়ার পরিবেশও সৃষ্টি করে নাই। জেলা বিএনপিও কিছু বলে নাই। আহসান ও মহিউদ্দীন এখানে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, সব মীমাংসা হয়ে যাবে।’
এলাকার বেশ কয়েকজন ভোটার বলেন, এখানে আওয়ামী লীগের প্রার্থী শামীমুল ও জাসদের আবদুল আলীম—দুজনের অবস্থানই ভালো। এ কারণে নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থীর বড় বাধা জাসদ। আর ২০-দলীয় জোটের প্রার্থীর বাধা বিএনপির সাবেক সাংসদ।
আবদুল আলীম বলেন, কয়েক দিন আগে তাঁর এক সমর্থককে আওয়ামী লীগের লোকজন মারধর করেছে। এ ছাড়া নৌকার লোকজন তাঁদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে জাসদের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মানুষ দলবাজিকে পছন্দ করে না। তাই দলের বাইরেও তাঁদের পছন্দের মানুষ আছে। অভিযোগের বিষয়ে শামীমুল বলেন, ‘ভেড়ামারা পৌর এলাকায় আমার দলের ছয় হাজার ভোট। জাসদের ভোট ১ হাজার ৫০০। আমি কেন মারধর, হুমকি দিতে যাব। বরং জাসদের লোকজনই হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা বলেন, জাসদের পক্ষ থেকে তাঁরা একটি অভিযোগ পেয়েছেন। তবে সেখানে হুমকি-ধমকির কোনো কিছু উল্লেখ করা হয়নি।