বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি থাকায় বিএনপির বিবদমান দুই পক্ষ পূর্বঘোষিত স্থানে সম্মেলন করতে পারেনি। তবে শহরের বাইরে পৃথক স্থানে সম্মেলন করে উভয় পক্ষ পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের তেলিয়াপাড়া এলাকায় গতকাল দুপুরে উপজেলা বিএনপির দুই পক্ষ একই সময় সম্মেলন করার ঘোষণা দেয়। এ নিয়ে গত সোমবার রাতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল তেলিয়াপাড়াসহ শহরের চারটি স্থানে গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এসব স্থানে পুলিশ অবস্থান নেয়। এ কারণে গতকাল কোনো পক্ষই শহরে সম্মেলন করতে পারেনি।
দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হক আফিন্দির নিজ গ্রাম সাচনাবাজার ইউনিয়নের দুর্লভপুরে তাঁর পক্ষের নেতা-কর্মীরা বেলা একটার দিকে সম্মেলন করেন। এতে নুরুল হক আফিন্দি সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। এখানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সম্মেলনে নুরুল হক আফিন্দিকে সভাপতি ও আবদুল মালিককে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
নুরুল হক আফিন্দি বলেন, ‘১৪৪ ধারা জারির কারণে আমরা পূর্বনির্ধারিত স্থানে সম্মেলন করতে পারিনি। তবে দুর্লভপুরে আমাদের সম্মেলন শান্তিপূর্ণভাবে হয়েছে।’ দলীয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমানের পক্ষের নেতা-কর্মীরা ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সম্মেলন করেন। আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোক্তার হোসেন তালুকদার। সম্মেলনে আজিজুর রহমানকে সভাপতি ও আবদুস শহীদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আজিজুর রহমান বলেন, ‘আমরা প্রকাশ্যে সম্মেলন করেছি। কারও ভয়ে গ্রামে চলে যাইনি।’