বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর রেবা আখতার মাদ্রাসা মাঠে উভয় পক্ষ আলাদাভাবে সভা ডেকেছিল।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে ওই স্থানে সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। এ জন্য আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মান্দা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ সামসুল আলম প্রামাণিক আজ সকাল ১০টায় প্রসাদপুর রেবা আখতার মাদ্রাসা মাঠে সমাবেশ আহ্বান করেন। তাঁর বিরোধী পক্ষ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চিকিৎসক একরামুল বারীও একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করেন। বেশ কিছু দিন ধরে দুটি পক্ষই এই সম্মেলন উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু করে। সামসুল আলম প্রামাণিকের সভায় প্রধান অতিথি করা হয়েছে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিককে। অন্যদিকে একরামুল বারীর সমাবেশে প্রধান অতিথি করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে ও সভার উদ্বোধক করা হয় আবু বকর সিদ্দিককে। এই অবস্থায় প্রশাসন দুই পক্ষকে একই স্থানে সমাবেশ না করার জন্য গতকাল রোববার চিঠি দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সামসুল আলম প্রামাণিক বলেন, সম্মেলন উপলক্ষে সমাবেশ করার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সভা আহ্বান করা হয়েছে। অনুমতি পাওয়ার পর সম্মেলন সফল করার জন্য প্রচার-প্রচারণা, আমন্ত্রণসহ যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কিন্তু সংঘাত বাধানোর জন্য বিএনপি নামধারী একটি পক্ষ একই স্থানে সমাবেশ ডেকেছে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
একরামুল বারী বলেন, ‘প্রশাসনের নিষেধাজ্ঞায় সমাবেশ আটকে থাকবে না। রাজনৈতিক নেতা-কর্মীদের সমাবেশে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। সমাবেশ যেকোনো মূল্যে করা হবে।’