বিএনপির পায়ে মলম লাগিয়ে দেওয়া হবে: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে তাদের পায়ে ‘মলম’ লাগিয়ে দেওয়ার হুমকি দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘তারা যে পা দিয়ে ঝগড়া করবে, ওই পায়ে মলম লাগিয়ে দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মায়া এ ধরনের হুমকি দেন।
শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ৩০ আগস্ট বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সমাবেশ সফল করার জন্য আজ বর্ধিত সভার আয়োজন করা হয়। একই দিন রাজধানীসহ সারা দেশে ‘গুম দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচির কারণে মন্ত্রী এ ধরনের হুমকি দিলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমাদের এই কর্মসূচি দেড় মাস আগে ঘোষণা করা হয়েছে। এটা বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। তার পরও বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য ইস্যু ছাড়া ওই দিন মানববন্ধন কর্মসূচি দিয়েছে। তারা যে পা দিয়ে ঝগড়া করবে, ওই পায়ে মলম লাগিয়ে দেওয়া হবে।’ তিনি এটাও ঘোষণা করেন, ‘বিএনপির সঙ্গে কোনো আলোচনাও হবে না, ২০১৯ সালের আগে কোনো নির্বাচনও হবে না।’

বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘আপনারা ওই দিন কর্মসূচির নামে ঝগড়া করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। ভালোয় ভালোয় ওই দিনের কর্মসূচি প্রত্যাহার করুন।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।