বিএনপির প্রচারণার গাড়ি ভাঙচুর আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) করমুল্লাবাজারের কাছে বিএনপি প্রার্থীর প্রচারণার কাজে নিয়োজিত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও প্রচারকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় প্রচারকাজে নিয়োজিত বিএনপির পাঁচজন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. শাহজাদা (২৫) নামের একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী মো. শাহজাহান বলেন, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাঁকে প্রচারণা থেকে বিরত থাকার জন্য নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে। এ জন্য তিনি প্রথম দুই দিন প্রচারণা থেকে বিরত থাকেন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তাঁর কাছ থেকে অনুমতি নিয়ে গতকাল দুপুরে তিনি প্রচারণার জন্য মাইক নামান। বিকেলে মাইকটি করমুল্লাবাজারের উত্তর পাশে পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী তাঁর প্রচারণার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা প্রচারকর্মীদের মারধর করে।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই প্রার্থীর প্রচার গাড়ির একটি আরেকটিকে ক্রস করার সময় ধাক্কা লাগে। এতে বিএনপি প্রার্থীর প্রচার মাইক পাশের খালে পড়ে যায় বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিএনপির প্রার্থী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।