
সম্প্রচার নীতিমালা নিয়ে বিএনপি ‘মায়াকান্না’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এ জন্যই আমাদের শাসনামলে ২৪টি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে।’
আজ মঙ্গলবার রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন।
বিএনপি সম্প্রচার নীতিমালাকে কালো আইন বলেছে, এর মাধ্যমে কি গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে?—একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এই প্রশ্ন করেন। জবাবে হানিফ বলেন, ‘বিএনপি বরাবরই সব ভালো কাজেরই বিরোধিতা করে। অন্তত গণমাধ্যমের প্রতি তাদের দরদ দেখানো উচিত না। কারণ ক্ষমতায় থাকতে তারাও একুশে টেলিভিশনসহ কয়েকটি পত্রিকা বন্ধ করে দেয়। তাদের শাসনামলে (২০০১-০৬) ১৮ জন সাংবাদিক নিহত ও ৫০/৬০ জন গুরুতর আহত হয়।’ তিনি দাবি করেন, বিএনপি এই নীতিমালা নিয়ে যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটা মায়াকান্না।
মাহবুব উল আলম হানিফ মনে করেন, তথ্য মন্ত্রণালয়ই সম্প্রচার নীতিমালা নিয়ে পরিপূর্ণ ব্যাখা দেবে। তবে সবকিছুরই একটা নীতিমালা থাকা উচিত। তার আলোকে তিনি বলেন, এই সম্প্রচার নীতিমালা বাঞ্ছনীয় ও যৌক্তিক। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশেই সব খবর প্রকাশ করা হয় না। ইউরোপে দুর্ঘটনার দৃশ্য দেখানো হয় না। অথচ আমাদের দেশে এসব কিছুই মানা হয় না।’
সম্প্রচার নীতিমালার মাধ্যমে কী গণতন্ত্রের সুষম বিকাশ রুদ্ধ করে দেওয়া হলো?—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাস্তায় গাড়ি চালাতে গেলেও একটা নীতিমালার মধ্য দিয়ে চালাতে হয়। আইনটি করে কি গণমাধ্যমের গতিরোধ করে দেওয়া হলো? নিশ্চয় না।’ তিনি বলেন, আওয়ামী লীগ যদি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস না করত, তাহলে ২৪টি চ্যানেলের অনুমোদন দিত না। এত মিডিয়া বিস্তারের সুযোগ দিত না।