প্রথম দফার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে দলটি। বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য বিএনপির প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয়ভাবে নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির একাধিক নেতা এ আশঙ্কার কথা জানান।
এ ছাড়া যেসব ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েও যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ।
বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, ৭৩৮টি ইউপির মধ্যে এখন পর্যন্ত ১১৪টিতে দলটির প্রার্থী নেই। এর মধ্যে ৮৩টিতে বাধার মুখে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দলটি অভিযোগ করেছে। বাকি ৩১টিতে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ৫১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে কেবল আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বিএনপির সূত্র জানায়, প্রথম ধাপের নির্বাচনের জন্য মনোনীত যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার নেতাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দু-এক দিনের মধ্যে চিঠি দেওয়া হবে। তাতে কী ধরনের পরিস্থিতির কারণে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তা জানতে চাওয়া হবে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে যে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি। কোথাও কোথাও উপজেলার নেতারা তাঁদের ‘পকেটের লোককে’ মনোনয়ন পাইয়ে দিয়েছেন, ফলে তাঁরা মাঠে থাকতে পারেননি। এমন বিষয় থাকলে তাও জানতে চাওয়া হবে।
কেন্দ্রীয়ভাবে নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে বলেন, ‘এটি কারণ দর্শানোর নোটিশ নয়। প্রার্থীরা কেমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে না পারার ক্ষেত্রে কী কী কারণ কাজ করেছে, উপজেলা পর্যায়ের নেতাদের কাছে এসব জানতে চেয়ে চিঠি দেওয়া হবে।’
এদিকে কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানায়, তাদের আশঙ্কা, প্রথম ধাপের নির্বাচনে আরও কিছু জায়গায় বিএনপির প্রার্থী কমে যেতে পারে। কারণ, এখনো বিভিন্ন জায়গায় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিএনপি প্রার্থীদের অটল থাকতে সাহস দিচ্ছে, তারপরও শেষ পর্যন্ত চাপের মুখে কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহারও করে নিতে পারেন। এর মধ্যে বাগেরহাট, ফেনী, সাতক্ষীরা, ঝিনাইদহ, খুলনাসহ আরও কয়েকটি জেলা থেকে কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে যে এসব এলাকার অনেক প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে।
তৃণমূল থেকে এমন অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বিভিন্ন জায়গা থেকে তাঁদের প্রার্থীরা ফোন করে জানাচ্ছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
বাগেরহাট সদর থানা বিএনপির আহ্বায়ক মোজাফফর আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁর থানার সাতটি ইউনিয়নের মধ্যে কেবল তিনটিতে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। এর মধ্যে বারুইপাড়া ইউপির প্রার্থী চাপের মুখে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন। খানপুর ইউপিতে বিএনপির প্রার্থীর সমর্থককে দিয়ে বলানো হয় যে তাঁর নামে মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে। আর রাখালগাছির প্রার্থীকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, শেষ পর্যন্ত কী হবে, বুঝতে পারছেন না। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানিয়েছেন।
২৪ ফেব্রুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শুধু বাগেরহাটেই তাঁদের ৩০ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আরও চার-পাঁচজনকে মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আকবর প্রথম আলোকে বলেন, ফেনীতে এর আগে উপজেলা ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ যে রকম পরিস্থিতি তৈরি করেছিল, এবারও সে রকম করছে। এখানে দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। যাঁরা মনোনয়নপত্র নিতে পেরেছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে জমা না দেন। তিনি বলেন, ‘মানুষকে কষ্ট না দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের চেয়ারম্যান ঘোষণা দিলেই পারে।’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ বা বাধ্য করার ঘটনা, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, নির্বাচনী কার্যালয়ে হামলার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করে প্রতিকার পাওয়া যায়নি। এ কারণে গতকাল রোববার ঢাকায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিএনপি।
এ বিষয়ে পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপি যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন নয়। তবে ঢালাও অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ এলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সে জন্য কমিশনকে তথ্য দিতে হবে।