ঢাকার সাভার ও ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হবে আজ রোববার। দলীয় মনোনয়ন পেতে নেতারা শেষ মুহূর্তেও দৌড়ঝাঁপ করছেন।
জেলা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সাভার থেকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল গনি। আর ধামরাই থেকে দলীয় মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সাহেব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর মোল্লা ও বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক দেওয়ান আফসার উদ্দিন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, মেয়র পদে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংসদদের। কেন্দ্র থেকে গতকাল শনিবার এ সিদ্ধান্তের কথা স্থানীয় পর্যায়ে জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাল (আজ) প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বাছাই কমিটি একজন প্রার্থীর বিষয়ে একমত হলে শুধু তাঁর নামই কেন্দ্রে পাঠানো হবে। আর দ্বিমত থাকলে একাধিক নাম পাঠানো হতে পারে।
আবদুল গনি বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তৃণমূল পর্যায় থেকে ইতিমধ্যে আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ নভেম্বর সাভার পৌর আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও সাংসদ এনামুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা উপস্থিত ছিলেন। ওই সিদ্ধান্তের পর থেকে আমি তৎপরতা চালিয়ে যাচ্ছি।’ তবে আশরাফ উদ্দিন খান বলেন, পৌর আওয়ামী লীগের ওই সভায় মেয়র পদে প্রার্থী বাছাইয়ের কোনো এখতিয়ার ছিল না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের শীর্ষ পর্যায় থেকে তখন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহাম্মেদ গতকাল প্রথম আলোকে বলেন, সাভার ও ধামরাই থেকে মেয়র পদে দলের মনোনয়ন পেতে অনেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজ (শনিবার) পর্যন্ত কোনো প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাল (আজ) স্থানীয়ভাবে প্রার্থী বাছাই করে কেন্দ্রে তালিকা পাঠানো হবে। কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
জেলা বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ২৩ নভেম্বর জেলা কমিটির এক সভায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ধামরাই থেকে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ওরফে ওভি ও যুবদলের নেতা অলিউর রহমানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। আর সাভার থেকে পাঠানো হয়েছে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র রেফাত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সহসভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেনের নাম।
সাভারের মেয়র রেফাত উল্লাহ নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। মাঠে নেই অন্য প্রার্থীরাও। ধামরাইয়ে পৌর মেয়রের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তিনিও প্রচারণা শুরু করেননি।
এদিকে দলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলা পর্যায় থেকে একাধিক নাম পাঠানো হলেও সাভারের বর্তমান মেয়র রেফাত উল্লাহ ও ধামরাইয়ের মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে দেওয়ান নাজিম উদ্দিন বলেন, কেন্দ্র থেকে সাভারে রেফাত উল্লাহ আর ধামরাইয়ে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে গতকাল তাঁদের প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত করা হয়।