বিএনপির প্রার্থী চূড়ান্ত ৪টিতে আ.লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ শুধু একটি ইউনিয়নে প্রার্থী ঠিক করতে পেরেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে উখিয়ার পাঁচ ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
বিএনপি সূত্র জানায়, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নে এস এম শামশুল হক, রাজাপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী ও পালংখালী ইউনিয়নে হেলাল উদ্দিনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী বলেন, উখিয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির বিজয় সুনিশ্চিত।
এদিকে আওয়ামী লীগ সূত্র জানায়, দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় চার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ঠিক করা সম্ভব হয়নি। জালিয়াপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম, রুহুল আমিন চৌধুরী; রত্নাপালং ইউনিয়নে আবুল মনসুর চৌধুরী, তাসহিদ চৌধুরী ও ছৈয়দ মোহাম্মদ নোমান; হলদিয়াপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন, ইমরুল কায়েস চৌধুরী, শাহ আলম, আমিনুল হক আমিন ও গিয়াস উদ্দিন চৌধুরী; রাজাপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী (একমাত্র প্রার্থী) এবং পালংখালী ইউনিয়নে শাহাদত হোসেন ও আলী আহমদের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, দলীয় প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। তিনি বলেন, প্রার্থী মনোনয়নে দল সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে কেউ কেউ ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে পারেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা থেকে একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী চূড়ান্ত হতে একটু দেরি হচ্ছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে।’