বিএনপির প্রার্থী নেই এজেন্টও নেই

মানিকগঞ্জ সদরের আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে দিঘী ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মতিয়ার রহমান মাঠে ছিলেন না। ইউপির কোনো কেন্দ্রেই বিএনপির প্রার্থীর এজেন্টও ছিলেন না।
যোগাযোগ করা হলে মতিয়ার রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থী মতিন মোল্লা ও তাঁর দলের নেতা-কর্মীদের হুমকি-ধমকির কারণে তিনি আত্মগোপনে আছেন। নির্বাচনের দুই দিন আগে থেকে তাঁর (মতিয়ার) কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানি শুরু হয়। গ্রেপ্তার-আতঙ্কে তাঁর কর্মীরা বাড়িছাড়া। এ কারণে তিনি কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারেননি। তবে সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, পুলিশ সবার নিরাপত্তায় কাজ করছে। ওই প্রার্থীর অভিযোগ সঠিক নয়।
গতকাল বেলা একটার দিকে দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মুঠোফোনে বলেন, নৌকা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতা জুরান আলী বেশ কিছু জাল ভোট দিয়েছেন। এরপর প্রিসাইডিং কর্মকর্তা খালেদ মহসীন উদ্দিনকে এটা জানালে তিনি বলেন, ‘আমি ওপরের তলায় আছি। এখনই খোঁজখবর নিচ্ছি।’
দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌহাদহ মাদ্রাসা কেন্দ্র, ডাউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে বিএনপির প্রার্থীর কোনো এজেন্টকে দেখা যায়নি।
সরেজমিনে জানা গেছে, নবগ্রাম ইউনিয়নের বরঙ্গাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবগ্রাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী গাজী আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, সব কটি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।