নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী পরিবর্তন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। উপজেলা শহরের সোনালী ব্যাংকের পেছনে একটি নির্মাণাধীন ভবনে গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন বিএনপির ব্যানারে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, তৃণমূলের সমর্থনে জেলা বিএনপির সুপারিশে ৪ এপ্রিল উপজেলা বিএনপির সদস্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুকে কেন্দ্রীয়ভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মনোনয়ন দেওয়া হয়। পরে কিশোরগঞ্জের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য বিলকিস ইসলামের ষড়যন্ত্রে ৬ এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মনোনয়ন বাতিল করে উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা তাজুল ইসলামের মনোনয়ন বাতিল করে পুনরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মনোনয়ন দেওয়ার দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. শাহ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দাদ-এ-এলাহী প্রমুখ।
বিলকিস গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর তা বাতিল হলে ক্ষোভে তাঁরা এসব কথা বলতেই পারেন। ওই জায়গায় আমি থাকলেও এভাবে বলতাম। আমাকে নিয়ে কে কী বলল, কী বলবে, এটা শুনলে হবে না। ক্ষোভটা মিটে যাবে, সবাই মিলে এক হয়ে কাজ করবে।’