বিএনপির প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনের প্রচারণা গতকাল শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। বিএনপির প্রার্থী বলছেন, আওয়ামী লীগের সমর্থকদের বাধার মুখে তিনি প্রচারণা চালাতে পারেননি। এদিকে আওয়ামী লীগ বলছে, এটা অপপ্রচার।
২০১৬ সালে প্রথম দিকে আওয়ামী লীগদলীয় নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবুল আক্তারের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এই পদে উপনির্বাচন কাল সোমবার। শনিবার মধ্যরাতে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়। আজ রোববার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ১৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৮ হাজার ৫৬৫ জন।
বিএনপিদলীয় প্রার্থী মো. বদিউজ্জামান খান বলেন, ‘এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা আমাকে নির্বাচিত করবে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁকে প্রচার–প্রচারণায় বাধা দিচ্ছে।’ তিনি আরও বলেন, এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে তিনি গত ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে একটি রিট করেন। সেই রিটে উচ্চ আদালত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। কিন্তু নির্বাচন কমিশন এখনো তা করেনি। নির্বাচনের আর মাত্র দুদিন বাকি আছে। সরকারি দলের বাধার কারণে তিনি চিংড়াখালী, বারইখালি, মোরেলগঞ্জ সদর ইউনিয়নসহ পৌরসভার ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি। নির্বাচন কমিশন এখানে একেবারেই নির্বিকার রয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম বলেন, বিএনপির প্রার্থী ভরাডুবি হবে বুঝতে পেরে তাঁর সমর্থক ও দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী প্রচারণায় বাধা দিয়েছেন বা আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন কোনো অভিযোগ পাননি।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।