বিএনপির প্রার্থীকে মারলেন আ.লীগের প্রার্থীর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই সময় তাঁর স্ত্রী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াছমিনকেও লাঞ্ছিত করা হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কড়ইতলা বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের ছেলে মো. সোহেল লোকজন নিয়ে ওই হামলা চালান।
মোশারফ হোসেন বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ও তাঁর স্ত্রী চরলরেঞ্চ ইউনিয়নের কড়ইতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীর ওষুধের দোকানে বসে কথা বলছিলেন। ওই সময় নুরুল আমিনের ছেলে মো. সোহেল লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় কিল-ঘুষি মেরে ও চেয়ার দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁর স্ত্রী ফরিদা ইয়াছমিনকেও লাঞ্ছিত করেন। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এলাকার কয়েক শ লোক কড়ইতলা বাজারে বিক্ষোভ করে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সকালে চরলরেঞ্চ বাজারে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে সোহেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর বাবা নুরুল আমিন বলেন, ভুল-বোঝাবুঝির কারণে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তিনি মোশারফ হোসেন ও তাঁর স্ত্রীর কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
কমলনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চরলরেঞ্চ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার জাকির মাহমুদ বলেন, বিএনপির প্রার্থীর ওপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। তবে ওই ঘটনায় তিনি কোনো অভিযোগ পাননি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।