বিএনপির প্রার্থীকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হেলাল উদ্দীনকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
তবে প্রার্থীকে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে হেলাল উদ্দীন উল্লেখ করেন, ১০ মার্চ সন্ধ্যায় সাদাপোশাকে পুলিশের একটি দল তাঁদের বাড়িতে হানা দেয়। পরদিন বিকেলে কাজীপাড়া জিয়া স্মৃতি সংসদে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তাঁর দুই কর্মীকে ধাওয়া দেয় পুলিশ। ওই দিন গভীর রাতে পুলিশ আবার তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, পুলিশ ওই প্রার্থীর বাড়িতে কোনো ধরনের অভিযান চালায়নি।