ভেতরে ভোট চলছে। তবে সেখানে নেই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট। কেন্দ্রের মূল ফটকসহ আশপাশে নৌকা প্রতীকের সমর্থকদের মহড়া। যশোরের বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বেশির ভাগ ভোটকেন্দ্রেই গতকাল শনিবার এ চিত্র ছিল।
সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন এবং বিভিন্ন প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
উপজেলার বন্দবিলা, জহুরপুর ও নারিকেলবাড়িয়া ইউপির ১২টি কেন্দ্র ঘুরে দেখেন এই প্রতিবেদক। বেলা ১১টার দিকে বন্দবিলা ইউপির প্রেমচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হোসেন মণ্ডলের ভাই টুটুল ও তাঁর সমর্থকেরা নৌকা প্রতীকের ব্যাজ লাগিয়ে ভোটকেন্দ্রের মূল ফটকে মহড়া দিচ্ছেন। পাশে দাঁড়িয়ে একদল পুলিশ। তবে পুলিশ যেন তাঁদেরই পাহারা দিচ্ছে।
সাংবাদিকেরা ভোটকেন্দ্রে ঢুকলে শাহাবুল ইসলাম নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) তেড়ে আসেন। তিনি সাংবাদিকদের বাইরে যেতে বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি এক সাংবাদিকের হাত ধরে টেনে বাইরে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা হাকিম মুহম্মদ সোহেল হাসান ও রিটার্নিং কর্মকর্তা দীপঙ্কর দাসকে জানানো হয়। পুলিশ সুপার ওই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তাঁকে অন্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে ভোট কাটার চেষ্টা করলে পাঁচ মিনিট ভোট গ্রহণ স্থগিত থাকে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিচারিক হাকিমের নির্দেশে এক যুবককে আটকও করা হয়।
জহুরপুর ইউপির বেতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আটটি বুথের ছয়টিতেই বিএনপির প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট নেই। কেন্দ্রের ভেতরে নৌকা প্রতীকের ব্যাজ বুকে লাগিয়ে কয়েকজন ঘোরাফেরা করছেন। বিএনপির সমর্থক কাউকে কেন্দ্র বা কেন্দ্রের আশপাশে দেখা গেল না।
নারিকেলবাড়িয়া ইউপিতে বিএনপির প্রার্থী নাজমুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজন ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঢুকে জোর করে ভোট কেটেছে। অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী বাবলু কুমার সাহার মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, উপজেলার নয়টি ইউপিতেই ভোটের আগের রাতে আওয়ামী লীগের লোকজন বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্ট ও কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে আসে। ফলে পোলিং এজেন্টেরা ভয়ে কেন্দ্রে যাননি। তিনি অভিযোগ করেন, বন্দবিলা, জহুরপুর ও নারিকেলবাড়িয়া ইউপির কয়েকটি ভোটকেন্দ্রে ঢুকে আওয়ামী লীগের লোকজন ভোট কেটেছে।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, এসব মিথ্যা কথা। বিএনপি আগে থেকেই ভোটে ছিল না। হেরে যাবে আঁচ করে তারা এসব বলছে।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দেন নারীরা।