বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সরকারদলীয় লোকজন বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে এর সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।
রিজভী অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে সরকার যে ভয়ংকর সন্ত্রাসী তৎপরতা চালাবে, সেটিকে ঢাকা দেওয়ার জন্যই বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর অংশ হিসেবে কখনো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি, মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হচ্ছে। আবার কখনো ডেইলি স্টার ও এর সম্পাদক মাহ্ফুজ আনামকে নিয়ে তাদের হইচই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইউপি নির্বাচন নিয়ে জনগণের চোখ ঝাপসা করা।
রিজভী দাবি করেন, ইউপি নির্বাচনের নামে ভিন্ন পন্থায় বাকশালী শাসনব্যবস্থা চূড়ান্ত করার মহড়া দিচ্ছে সরকার। সে কারণেই ইউপি চেয়ারম্যান পদ একচেটিয়া দখলে নেওয়ার জন্যই তারা দলীয় প্রতীকে নির্বাচন করাচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র।
পুলিশ বাহিনীতে নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে নানা মত, পথ, আদর্শের মানুষ থাকবে। এটি কোনো প্রাণীর খামার নয় যে সবাই একই রকম হবে। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কি তদানীন্তন পাকিস্তানিদের মতো এখন আওয়ামী লীগ প্রভু?
ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চালানো হচ্ছে। এর সঙ্গে মির্জা ফখরুলের কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই। তা ছাড়া তাঁর কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমতিও কেউ নেয়নি। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যেই কিছু অসাধু ব্যক্তি এই ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে। অবিলম্বে এটি বন্ধ না করলে আইনগত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউন্সিল প্রস্তুতি: সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতিও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক উপ-কমিটি কোন কোন দেশে আমন্ত্রণ পাঠাবে, সেটি চূড়ান্ত করেছে। আগামী কাউন্সিলে শতকরা ৯০ ভাগ কাউন্সিলরের তালিকা প্রস্তুত হয়েছে। শোক প্রস্তাবের জন্য তালিকার কাজ শতকরা ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রচারের জন্য অন্যান্য মাধ্যমের সঙ্গে ইন্টারনেট, ফেসবুকে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হবে।