লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীর ওপর হামলা ও নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগে ৬ চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জন করেছেন। দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে তাঁরা পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
চরমার্টিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহম্মদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের চরমার্টিন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে গেলে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে ও তাঁর প্রধান এজেন্ট নুরনবীকে মারধর করেন। ওই সময় তাঁর স্ত্রী রাবেয়া বেগমকেও লাঞ্ছিত করা হয়।
দুপুর ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে আলী আহম্মদ বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের লোকজন ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে প্রকাশ্যে সিল মারে।
চরমার্টিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউসুফ আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
চরমার্টিন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের (মহিলা ভোটকেন্দ্র) প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভোটকেন্দ্রের বাইরে বিএনপি প্রার্থীর ওপর হামলা হয়। এ ইউনিয়নে (চরমার্টিন) ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মুসলেম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নোমান সিরাজি বলেন, প্রার্থীকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারার ঘটনা ঘটে।
চরলরেন্স ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. মোশারফ হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বেলা ১১টার মধ্যে সব কেন্দ্র দখল করে নেন। ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে প্রকাশ্যে তাঁরা নৌকায় সিল মারেন।
এ ইউনিয়নে (চরলরেন্স) ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোসলেহ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেমও বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেন।
চরলরেন্স ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটাররা অবাধে ভোট দিতে পেরেছেন।
নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. জাকির মাহমুদ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।