কেন্দ্র দখলের অভিযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী সামশুল আলম।
বেলা সাড়ে ১১টার দিকে সামশুল আলম হাবাখানা এলাকায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। তিনি বলেন, সকাল সাড়ে আটটা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সাতটি ভোটকেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করেন।
আওয়ামী লীগের প্রার্থী এহসানুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলেছে। এলাকার লোকজন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সরকার ও পটিয়ার সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এসব অভিযোগ করা হচ্ছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।
গুলি উদ্ধার: বেলা পৌনে ১১টার দিকে শোভনদণ্ডী আরফা করিম উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে ১১২টি গুলি উদ্ধার করে বিজিবি।