কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজি আবুল হাসেম। ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলার পেন্নাই গ্রামে আবুল হাসেমের বাসভবনে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট মাছুম রেজা সংবাদ সম্মেলন করে ওই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় হাজি আবুল হাসেমের প্রধান সমন্বয়কারী হাজি মোস্তাক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ভুইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাছুম রেজা নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। মামলার কারণে প্রার্থী হাজি আবুল হাসেম সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন। বিএনপি-সমর্থিত পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি শাহাবউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন বর্জনের ঘোষণা দেবেন বলে জানা গেছে।
২০০৯ সালে অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমা চলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে এত দিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ফলে অন্য উপজেলার মতো যথাসময়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।