ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির কর্মী-সমর্থকেরা দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে কাজ না করায় প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কেউ আবার আওয়ামী লীগের প্রার্থীর বাধা, মামলা-হামলার ভয়ে প্রতীক বরাদ্দের দিন থেকে এলাকাছাড়া। তবে অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর লড়াই বিদ্রোহী প্রার্থীর সঙ্গে।
এ চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ১১টি ইউপিতে। গত কয়েক দিনে দলীয় ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
১১টি ইউপির মধ্যে শুধু ধূলিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। এখানে দলের প্রার্থী মো. আনিচুর রহমান ওরফে আবদুর রব। বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবদুল জব্বার। এখানে বিএনপির প্রার্থীর কোনো প্রচারণা চোখে পড়ে না। এ বিষয়ে আবদুল জব্বার বলেন, ‘তাঁর (আনিচুর) সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকায় ২৩ ফেব্রুয়ারি থেকে আমি এলাকাছাড়া। এলাকায় গেলে মেরে ফেলার ও মামলা দেওয়ার হুমকিসহ আমার পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন আনিচুর ও তাঁর লোকজন।’
আনিচুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত জনরোষের ভয়ে তিনি এলাকায় আসছেন না।
আদাবাড়িয়ায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সামসুল হক ফকির। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহ। বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন হাওলাদার। জসিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন, যেন সাধারণ মানুষ ভোটকেন্দ্রে না যান।
নওমালায় আওয়ামী লীগের প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাদা হাওলাদারও প্রার্থী হয়েছেন। বিএনপির প্রার্থী মো. আনোয়ার হোসেন। আনোয়ারের প্রচারণা নেই বললেই চলে। চন্দ্রদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আমির হোসেন হাওলাদার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির প্রার্থী মো. বাবুল খান।
কালাইয়ায় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রমিজ উদ্দিন। বিএনপির প্রার্থী মো. নূর হোসেন খান।
কেশবপুরে নৌকা প্রতীক পেয়েছেন মো. মহিউদ্দিন। ধানের শীষ পেয়েছেন মো. শহিদুল ইসলাম। বর্তমান চেয়ারম্যান মো. তসলিম তালুকদার বিএনপির বিদ্রোহী প্রার্থী। শহিদুল বলেন, বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁর পক্ষে কাজ করছেন না। কেউ কেউ ভয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ কারণে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।
কনকদিয়ায় নৌকা প্রতীক পেয়েছেন মো. শাহিন হাওলাদার, ধানের শীষ প্রার্থী মো. গোলাম সরোয়ার জাহাঙ্গীর। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। কালিশুরীতে আওয়ামী লীগের প্রার্থী মো. নেছার উদ্দিন সিকদার। এখানে বিদ্রোহী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুর রহমান মিয়া। ধানের শীষ প্রতীক পেয়েছেন এস এম আবদুল জব্বার রায়হান। সূর্যমণি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এখানে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন ফরাজি। ধানের শীষ পেয়েছেন মো. মনিরুজ্জামান।
বগায় নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম ইউসুফ। ধানের শীষ প্রতীক পেয়েছেন আবদুল গনি সিকদার।
কাছিপাড়ায় নৌকা প্রতীক পেয়েছেন মো. রফিকুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন এম হাফিজুর রহমান। ধানের শীষ পেয়েছেন মো. ফোরকান আকন। হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সন্ত্রাসী কার্যক্রম ও হামলার ভয়ে তাঁর কর্মী-সমর্থকেরা ঘর থেকে বের হতে পারছেন না। তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন মো. রফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান তালুকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মারধর করছেন, প্রার্থীদের গণসংযোগে বাধা দিচ্ছেন। এ কারণে বিএনপির কর্মী-সমর্থকেরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে পারছেন না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। হামলা ও গণসংযোগে বাধা দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, কোনো প্রার্থীকে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভয়ভীতি দেখান, সে বিষয়ে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।