বিএনপির বক্তব্য জনগণের বিনোদনের উৎস: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে। অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর।

আজ রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ জন্যই দলটি দেউলিয়া হয়ে গেছে। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। সাতক্ষীরা -আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের ওপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনী) মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর ওপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু চালু করা হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, সেতু দুটি যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ, মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে। মুজিবনগরে প্রস্তাবিত যে স্থলবন্দর বাস্তবায়িত হবে, সেটির সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব এই মহাসড়কের কাজ শেষ করতে হবে।