বিএনপির বিক্ষোভ ও সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে গতকাল বুধবার কুড়িগ্রাম ও নীলফামারীতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
কুড়িগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিক্ষোভ শেষে জাহাজ মোড়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করে। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
এদিকে নীলফামারীতে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। গতকাল ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। বেলা ১১টার দিকে শহরের পৌর বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা বের হলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন।