
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করা হয়েছে। তবে পুলিশি বাধার কারণে অধিকাংশ এলাকায় দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে পারেননি। সাতক্ষীরায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সাতজন নেতা-কর্মীকে।
বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য তিনজন হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, সদর উপজেলার আহ্বায়ক সোহেল আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক হোসেন ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শহরের রাধানগর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী জড়ো হন। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, তারিকুল হাসানের নেতৃত্বে রাধানগর এলাকায় ইট ও লাঠি নিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় তারিকুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় ওই চারজন ছাড়াও অজ্ঞাতনামা এক-দেড় শ জনকে আসামি করে মামলা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে এই অভিযান চালানো হয়। তাঁদের মধ্যে আছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, শহর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল বিশ্বাস। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুরে যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক এলাকায় এই কর্মসূচির আয়োজন করে জেলা যুবদল। বেলা ১১টার দিকে যুবদলের নেতা-কর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সমবেত হন। পরে তাঁরা মিছিল করে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি মায়া সুপার মার্কেটের দিকে এগিয়ে যায়। পরে সেখানে সড়কের দুই দিক থেকে অতিরিক্ত পুলিশ এসে মিছিলটি ঘিরে ফেলে। প্রথমে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এর মধ্যেই বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান ও সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিদউদ্দিন আহমেদ বলেন, যুবদল মিছিলের জন্য অনুমতি নেয়নি। এ কারণে মিছিলে বাধা দেওয়া হয়েছে।
পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে যুবদল ও ছাত্রদল মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট এবং কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, সুনামগঞ্জ ও বরিশাল অফিস এবং নেত্রকোনা প্রতিনিধি, ঝালকাঠি ও দিনাজপুর সংবাদদাতা}