বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ
রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী রবিউল আলমের ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন রবিউল।
গতকাল সোমবার রাত ১০টার দিকে শহরের হর্টিকালচার গেট এলাকায় ওই হামলা হয় বলে রবিউলের ভাষ্য। রাত ১১টার দিকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মংক্য চিং সাগর বলেন, রবিউল বুকে ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর রক্তের চাপও বেড়ে গেছে।
রবিউলের ভাষ্য, শহরের আসামবস্তি এলাকায় নির্বাচনী প্রচার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে তবলছড়ির দিকে যাচ্ছিলেন তিনি। অটোরিকশায় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। পথে হর্টিকালচার গেট এলাকায় ১০-১২ জন অজ্ঞাত যুবক তাঁকে বহন করা অটোরিকশায় হামলা চালায়। তারা অটোরিকশার চারদিক থেকে ইট-পাটকেল ও পাথর ছোড়ে। এতে তিনি ও তাঁর দুই সহযাত্রী আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, রবিউলের ওপর হামলা হয়েছে বলে তারা শুনেছে। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেননি।