বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আ.লীগ : রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আগামীকালের ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির কর্মী-সমর্থক ও নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও প্রশাসন পাশবিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
রিজভীর দাবি, সরকার বিএনপির কাউন্সিলে বিপুল মানুষের সমাগম হওয়ায় আরও বেশি খেপে উঠেছে। তাই এখন একচোখা দানবের মতো নৃশংস বাহুবলে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ আত্মসাৎ করছে। নির্বাচনকে ভোটার–শূন্য করতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে নিয়মিত চিরুনি অভিযান ও ভয়ংকর নির্যাতন চালানো হচ্ছে।
রিজভী অভিযোগ করেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাসরি বিএনপির প্রার্থীদের এবং তাঁদের নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও সমর্থকদের গুম-হত্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার ভয় দেখাচ্ছেন। শুধু তা–ই নয়, নির্বাচনী কর্মকর্তাদের আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি ধমকের সুরে ব্যালট পেপার রিজার্ভ রাখার জন্য এবং ভোটের দিন ভোটকেন্দ্রে থাকা আওয়ামী এজেন্টদের হাতে ব্যালট পেপার দিয়ে তাতে সিল মারতে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। স্থানীয় সাংসদের নেতৃত্বে প্রকাশ্যে মাইকিং করে বিএনপি নেতা-কর্মীদের ঘর থেকে বের না হওয়ার ঘোষণাও দেওয়া হচ্ছে। ভোটের দিন ঘর থেকে বের হলে হাত-পা ভাঙা, ঘরবাড়ি জ্বালিয়ে–পুড়িয়ে দেওয়াসহ গুম-খুনের হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া খুলনা, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন জেলার ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।