বিএনপির বিরুদ্ধে বিএনপি রক্ষা কমিটির ঝাড়ু মিছিল
জয়পুরহাট জেলা বিএনপির কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ এনে বিএনপি রক্ষা কমিটির ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে ঝাড়ু মিছিল করা হয়েছে।
এর আগে কমিটিতে স্থান না পাওয়া বিএনপির নেতা-কর্মীরা জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি আফজাল হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বেগম খালেদা জিয়াকে ভুল বুঝিয়ে তাঁর আত্মীয়স্বজন ও অনুগত ব্যক্তিদের নিয়ে জেলা কমিটি গঠন করেছেন। কিন্তু জেলার অনেক ত্যাগী নেতাকে কমিটিতে জায়গা দেওয়া হয়নি। তিনিই শহর বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আলীম ও পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুর রবসহ অনেক যোগ্য ত্যাগী নেতাদের নাম বাদ দিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বিগত সরকারবিরোধী আন্দোলনে বিএনপির জেলা নেতারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে দায়সারা গোছের আন্দোলন করেছেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্বকে সরেজমিনে এসে বিএনপি-সমর্থকদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে একটি সুন্দর জেলা কমিটি গঠন করার আহ্বান জানানো হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সোহরাব উদ্দিন, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল মজিদ, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক রুহুল আমিন প্রমুখ। তবে ফয়সল আলীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। পরে দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে তাঁরা প্রেসক্লাব চত্বর থেকে ঝাড়ু হাতে মিছিল নিয়ে শহরের তৃপ্তির মোড় হয়ে ফয়সল আলীমের বাসভবনের সামনের চাতালে গিয়ে শেষ হয়। ফয়সল আলীম যুদ্ধাপরাধী আবদুল আলীমের বড় ছেলে।
জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান তাঁর বিরুদ্ধে আনা আত্মীয়করণের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে আফজাল হোসেন সংবাদ সম্মেলন করেছেন, তিনি বিএনপির কোনো সদস্যই নন। গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটির যে ১৬০ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দিয়েছে, সেই কমিটিতে ত্যাগী, সাংগঠনিকভাবে দক্ষ ও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারীরাই স্থান পেয়েছেন।’
ফয়সল আলীমকে তাঁরা ত্যাগী নেতা দাবি করছেন—এর জবাবে মোজাহার আলী বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় তিনি সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হয়েছেন। এ ছাড়া দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে জেলা কমিটি থেকে অনেক দিন আগেই বহিষ্কার করা হয়েছে।’ তবে দুজন নেতা পাঁচবিবির সাইফুল ইসলাম ও সদরের ইউনুছার রহমান ত্যাগী নেতা হিসেবে বাদ পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করেই কেন্দ্রীয় কমিটি বর্তমান জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে। বর্তমান জেলা কমিটিই আগামী দিনে আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
২০০৯ সালের ৩১ ডিসেম্বর জয়পুরহাট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের পাঁচ বছর পর কেন্দ্রীয় কমিটি ১৯ নভেম্বর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।