বিএনপির বিশৃঙ্খলা দেখে হাসি পায়: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদস্য সংগ্রহের নামে বিএনপি জেলায় জেলায় যেভাবে বিশৃঙ্খলা করছে, তা দেখে হাসি পায়।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্পাদকমণ্ডলীর সঙ্গে এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ না চাইলেও বিএনপি আসবে। বিএনপির ভিশন ২০৩০ মানেই বিভিন্ন জেলায় নিজ দলের নেতা-কর্মীদের মধ্যে ভীষণ মারামারি। তারা যেভাবে বিশৃঙ্খলা করছে, তাতে করে দলটির নেতা-কর্মীদের গায়ে কাপড় থাকে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আনুষ্ঠানিক আলোচনায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের বাধা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, আ স ম আবদুর রব ভাই আমার নেতা ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁর বাসায় উল্টাপাল্টা কিছু ঘটে থাকলে অবশ্যই খবর পেতাম। তেমন কিছু ঘটেনি। তারপরও খবর নেব।’

ওবায়দুল কাদের গণমাধ্যমের প্রতি বিশেষ করে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি অনুরোধ করে বলেন, ‘আমাদের ঘরোয়া গণতন্ত্র, তর্ক-বিতর্ক বিষয়ে সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন। তথ্য যাচাই না করে রং চড়ানোর দরকার আছে কি?’