বিএনপির ব্যানারে ছাত্রলীগের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের ব্যানার পুড়িয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
হাটহাজারী উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের ব্যানার পুড়িয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যাওয়ার পথে একদল নেতা-কর্মীর ব্যানার ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার বিকেল চারটায় উপজেলার এগারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের এগারো মাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচিতে যোগ দিতে তাঁরা যাচ্ছিলেন। এ ঘটনার পর পুলিশের উপস্থিতিতে এক ঘণ্টার মধ্যে (বিকেল পাঁচটা থেকে ছয়টা) অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ফতেপুর ইউনিয়ন বিএনপির ৮০ থেকে ৯০ জনের একটি মিছিল এগারো মাইল এলাকায় যাচ্ছিল। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। মিছিলটি চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মুখে এলে তাঁদের সঙ্গে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ব্যানার ছিনিয়ে নেন। এর জের ধরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বের অনুষ্ঠানস্থলে গিয়ে কমিউনিটি সেন্টারের বাইরে টানানো বিএনপির কয়েকটি ব্যানার ছিঁড়ে নিয়ে আসেন। এরপর এসব ব্যানার রাস্তায় ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানার পোড়ানোর পর বিএনপির নেতা-কর্মীরাও চট্টগ্রাম-হাটহাজারী সড়কে চলে আসেন। তাঁরা পৌনে পাঁচটার দিকে এগারো মাইল এলাকায় প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রলীগ আমাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। এতে আমাদের ১০ জন আহত হয়েছে।’

হামলা করার কারণ জানতে চাইলে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, ‘বিএনপির লোকজন আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়। আমি বাধা দিলে তারা আমাকে ধাক্কা মারে। তখন আমি তাদের ব্যানার নিয়ে ফেলি।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে পরিস্থিতি একটু অশান্ত হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে রাস্তা থেকে সরিয়ে দিই। পরে বিএনপি তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেছে।’