বিএনপির মনোনয়ন না নেওয়ায় বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল আলম ওরফে সেন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার মনিরুলকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল আলমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ থেকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কুতুবপুরে কাল শনিবার ভোট হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, কুতুবপুর ইউপির নির্বাচনে মনিরুল আলম সেন্টুকে ধানের শীষ প্রতীক নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
কুতুবপুরে বিএনপির বাছাই করা চেয়ারম্যান প্রার্থী এম এ আকবর শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এম এ আকবর অভিযোগ করেন, ‘সুযোগ থাকা সত্ত্বেও মনিরুল আলম বিএনপির মনোনয়নপত্র চাননি। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনের সঙ্গে আঁতাত করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির প্রতীক ধানের শীষ যাতে নির্বাচনে না থাকে, সে জন্য তিনি ক্যাডারদের দিয়ে আমার মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছেন। তাই আমি মনোনয়নপত্র জমা দিতে পারিনি।’
মনিরুল আলম বলেন, কৌশলগত কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এম এ আকবর তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা মিথ্যা। আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো আঁতাত হয়নি। স্থানীয় অনেক ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে, মনিরুল আলম নিজের জয় নিশ্চিত করার কৌশল হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীক না নিয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।