বিএনপির মনোনয়ন না পেয়ে পাঁচজন স্বতন্ত্র
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর বদলগাছি উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বাছাই করা পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় মনোনয়ন পাননি। ওই পাঁচজন পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এলাকার সাবেক সাংসদ ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী কেন্দ্রে প্রভাব খাটিয়ে তৃণমূলের বাছাই করা ওই প্রার্থীদের বাদ দিয়ে নিজের অনুগত ব্যক্তিদের দলীয় মনোনয়ন পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিএনপিদলীয় সূত্রে জানা যায়, বদলগাছি উপজেলার আটটি ইউপির নির্বাচনে তৃণমূল থেকে চেয়ারম্যান পদের জন্য আটজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়। তাঁরা হলেন বদলগাছি সদর ইউপিতে মোজাফফর হোসেন, আধাইপুর ইউপিতে জাকির হোসেন চৌধুরী, মিঠাপুর ইউপিতে আবদুর রাজ্জাক, কোলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল, মথুরাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, পাহাড়পুর ইউপিতে হাফিজার রহমান, বিলাশবাড়ি ইউপিতে সাইফুল ইসলাম, বালুভরা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আল এমরান। এই আটজনের মধ্যে তিনজন বর্তমান ইউপি চেয়ারম্যান ছাড়া অন্যদের মনোনয়ন দেওয়া হয়নি। বদলগাছি সদর ইউপিতে সবুর চৌধুরী, আধাইপুরে ওসমান আলী, মিঠাপুরে মীর মহীউদ্দিন আলমগীর, পাহাড়পুরে সুলতান মাহমুদ, বিলাশবাড়িতে সাজ্জাদ হোসেনকে চেয়ারম্যান পদে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
স্থানীয় দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে পাঁচজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁরা কেউ দলের প্রাথমিক সদস্য পদেও নেই। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে দলের সাবেক সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী স্থানীয় বিএনপিতে নিজের কর্তৃত্ব বজায় রাখতে কেন্দ্রে প্রভাব খাটিয়ে তৃণমূলের বাছাই করা পাঁচ প্রার্থী বদলে নিজের পছন্দের পাঁচজনকে প্রার্থী করেছেন।
বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বলেন, দলের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার আটটি ইউপিতে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়েছিল। পরে উপজেলা ও জেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে বর্তমান তিন ইউপি চেয়ারম্যানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি যে পাঁচজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁরা কেউই দলের প্রাথমিক সদস্যও নন। তাঁরা এলাকার সাবেক সাংসদ আখতার হামিদ সিদ্দিকীর অনুগত। এ ছাড়া তাঁদের অন্য কোনো যোগ্যতা নেই। পাঁচ প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বদলগাছি সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেন বলেন, ‘বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আমাকে ভোট দিয়ে দলীয় চেয়ারম্যান প্রার্থী করেছিলেন। এরপর থেকে মাঠে কাজ করছিলাম। হঠাৎ করেই মনোনয়নপত্র দাখিলের দুদিন আগে জানলাম, আমাকে বাদ দিয়ে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।’
এখানে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ৪ জুন ভোট হবে। আখতার হামিদ সিদ্দিকী মনোনয়নে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি অকপটে স্বীকার করেন, এ উপজেলায় দল দুই ভাগে বিভক্ত। তিনি একটি পক্ষের দিকনির্দেশনা দেন। চেয়ারম্যান পদে এ দুই পক্ষ থেকে ৮টি করে মোট ১৬টি নাম কেন্দ্রে পাঠানো হয়। এর মধ্যে তাঁর পছন্দের পক্ষের পাঁচজন মনোনয়ন পান।