কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
গত শনিবার রাতে মনিরুল হকের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। গতকাল রোববার বিকেলে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ছোট ভাই কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. কাইমুল হক রিংকু।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মনিরুল হকের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগেও মনিরুল হক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিলুপ্ত কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর মনোনয়ন পাওয়ার খবর শুনে দলীয় নেতা-কর্মীরা মিষ্টিমুখ করেন। আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
যোগাযোগ করলে মনিরুল হক গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত রাতে (শনিবার) দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেখানে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। আগামীকাল (সোমবার) রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসব।’ তিনি আরও বলে, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিগত দিনে মেয়র থাকাকালীন নগরের উন্নয়নকাজ করেছি। কাজ করতে গিয়ে দুয়েকটি ভুলভ্রান্তি হয়েছে। সেই ভুল সংশোধন করে আগামী দিনে পরিচ্ছন্ন নগরী করার অঙ্গীকার নিয়ে মাঠে নামব। কারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। নগরবাসী ও বিএনপি আমার পাশে আছে। আমার প্রার্থিতা নিয়ে সবাই এককাট্টা।’
গতকাল বেলা সাড়ে তিনটায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতারা। এ সময় অন্যদের মধ্যে মনিরুল হকের ভাই কাইমুল হক, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী এবং শহর বিএনপির সদস্য আইনজীবী আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করে জয়ী হন মনিরুল হক। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব নেন। এরপর তিনি পুনরায় দলে ফিরে যান। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হয়।
এর আগে ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর তত্কালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ওই সময়ের সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি মনিরুল হক। ২০০৭ সালের ৭ মে পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর এক-এগারোর বেশির ভাগ সময় তিনি আত্মগোপনে ছিলেন। ২০০৭ সালের ১৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি কুমিল্লা পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। পরে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।