বিএনপির মাঠে নামা নির্ভর করছে সরকারের আচরণের ওপর: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিএনপি মাঠে নেমে বিরোধিতা করবে কি না, তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর। তিনি বলেন, ‘আমরা একটা দাবি জানিয়েছি। আমরা অপেক্ষা করব, সেই দাবির প্রতি তারা (সরকার) কীভাবে রেসপন্স করছে।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন। এর আগের দিন বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছিলেন।
রামপাল প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আন্দোলন করছে, তাদের আন্দোলন বিএনপি সমর্থন করে কি না—এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছি, কর্মসূচিকে সমর্থনও করছি।’
বিএনপি নতুন ইস্যু তৈরি করতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে কথা বলছে, সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি তার আদর্শ ও মূল্যবোধ নিয়ে রাজনীতি করে। কে কী বলল, সেটা মুখ্য বিষয় না। আওয়ামী লীগ যত ইস্যু তৈরি করেছে, তাতে বিএনপির নতুন ইস্যু তৈরির প্রয়োজন নেই।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।